সাবেক দুই সিভিল সার্জনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশালের সাবেক দুই সিভিল সার্জনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার এ অভিযোগপত্র অনুমোদন
দেওয়া হয়। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ভুয়া অনুমোদনপত্রে নির্ধারিত দরের চেয়ে বেশি দাম দেখিয়ে ওষুধ ও চিকিৎসাসামগ্রী কেনার মাধ্যমে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করার মামলায় কমিশন এ অভিযোগপত্র দিচ্ছে। এ অভিযোগে গত বছরের মার্চে বরিশালের কোতোয়ালি থানায় মামলা করে দুদক।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে, তাঁরা হলেন বরিশালের সাবেক সিভিল সার্জন মো. খায়রুল আলম ও আফতাব উদ্দিন আহমেদ, বরিশালের সাবেক জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাদারীপুর মেডিসিন সাপ্লায়ার্সের মালিক মো. সাইদুর রহমান খান।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই বিলের ভুয়া অনুমোদনপত্র তৈরি করেন। পরে সরকারি মালিকানাধীন ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নির্ধারিত দর উপেক্ষা করে বেশি দামে ৫৭টি আইটেমের ওষুধসামগ্রী বাইরে কেনা হয়।
ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মাদারীপুর মেডিসিন সাপ্লায়ার্স এসব ওষুধ ও ওষুধসামগ্রী সরবরাহ করে। ওই সব বিলের বিপরীতে ৯১ লাখ ৬৪ হাজার ৯৬ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন।