সাবেক নেতার হাতে গ্রাম পুলিশ লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার হাতে জামালপুর ইউনিয়নের এক গ্রাম পুলিশ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ওই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ওই গ্রাম পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, জামালপুর ইউনিয়নের নগরপাড়া গ্রামে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুমোদিত ঠিকাদার শহিদুল ইসলামের লোকজন এলাকায় বিদ্যুতায়নের কাজ করতে যান। কিন্তু একই গ্রামের মো. মাজেদ ফকিরের ছেলে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মুরাদ ফকির (২৫) এসে কাজে বাধা দেন। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খাইরুল আলমের কাছে এলাকাবাসী অভিযোগ দেয়। পরে তিনি পরিষদের অধীনে কর্মরত গ্রাম পুলিশ মো. শহিদুল্লাহ দফাদারকে (৩৮) বিষয়টি দেখার জন্য ঘটনাস্থলে পাঠান। ওই গ্রাম পুলিশ ঘটনাস্থলে যাওয়ামাত্র মুরাদ তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং রড দিয়ে তাঁকে মারতে উদ্যত হন। এ সময় আশপাশের লোকজন এসে ওই গ্রাম পুলিশকে উদ্ধার করেন।
জামালপুর ইউপির চেয়ারম্যান মো. খাইরুল আলম বলেন, ‘ছাত্রলীগ নেতা মুরাদের হাতে গ্রাম পুলিশ শহিদুল্লাহর লাঞ্ছিত হওয়ার ঘটনা আমি শুনেছি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি স্থানীয় নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হন, তাহলে কাজ চালিয়ে যাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার।’