সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
নিয়োগে দুর্নীতির অভিযোগে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক নিজামউদ্দিন ফারুক ও প্রশাসনিক কর্মকর্তা মো. আ. জলিলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয় মামলা করেছে।
গত বুধবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশন বরিশাল সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. মতিউর রহমান বাদী হয়ে ওই মামলা করেন।
দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয় সূত্র জানায়, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক নিজামউদ্দিন ফারুক ও প্রশাসনিক কর্মকর্তা মো. আ. জলিল অনিয়ম-দুর্নীতি করে হাসপাতালের বিভিন্ন পদে কর্মচারী নিয়োগ দেন। স্বজনপ্রীতি, আর্থিক সুবিধা আদায় ও প্রভাব বিস্তার করে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেন তাঁরা। ওই নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত নিয়োগ পাওয়া কর্মচারীরা কাজে যোগদান করতে পারেননি। এসব অনিয়মের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক বাদী হয়ে মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে বুধবার সন্ধ্যায় একটি মামলা করেছেন। ওই মামলার তদন্তও দুদক করবে।