সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও গৃহকর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় পুলিশের সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রী রওশন আরা (৬৫) ও তাঁর গৃহকর্মী মোসাম্মৎ কল্পনা (১২) খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাঁদের দুজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে।
রওশন আরা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুসের স্ত্রী। ১৯৯৬ সালে আবদুল কুদ্দুস মারা যান। তাঁদের দুই ছেলে ও দুই মেয়ে যুক্তরাষ্ট্রে আর এক ছেলে থাকেন কানাডায়। উত্তর যাত্রাবাড়ীর কলার আড়তের পাশে তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন রওশন আরা। সঙ্গে থাকতেন কল্পনা ও তার মা মোসাম্মৎ লাকী।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, খবর পেয়ে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে রওশন ও কল্পনার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। রওশন আরার লাশটি শয়নকক্ষের খাটে পড়ে ছিল। কল্পনার লাশ ছিল বসার কক্ষে সোফার ওপর। ঘটনার সময় কল্পনার মা লাকী বাইরে ছিলেন। পুলিশ লাকীকে হেফাজতে নিয়েছে।
সরেজমিনে জানা গেছে, ওই বাড়ির নিচতলায় দুইটি আলাদা পরিবার ভাড়ায় থাকেন। তিনতলার বাসাটি চার পাঁচ মাস ধরে খালি। মো. মোস্তফা নামের এক ব্যক্তি নিচতলার এক ভাড়াটিয়া বাড়ির পাশেই চা ও মুদির দোকানদারি করেন।
মোস্তফা প্রথম আলোকে বলেন, বাড়ির সামনে প্রধান ফটক ছাড়াও বাসায় ঢুকতেই আছে একটি কলাপসিবল গেট। সেখানে সব সময় তালা থাকে। চাবি থাকে বাড়িওয়ালা রওশন আরা ও তিনিসহ দুই ভাড়াটিয়ার কাছে। কেউ এলে যাঁদের পরিচিত তাঁরা গেট খুলে দেন।
মোস্তফা জানান, গতকাল সন্ধ্যার দিকে নিচতলার আরেক পরিবারের একজন দেখেন, কলাপসিবল গেটটি খোলা। তালার সঙ্গে ঝুলছে চাবি। তিনি তখন ছিলেন দোকানে। এ খবর পেয়ে তিনি বাসায় যান। পরে তিনিসহ তিনজন মিলে দ্বিতীয় তলায় গিয়ে দেখেন বাসার দরজা খোলা। ভেতরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় সোফায় পড়ে আছে কল্পনা। তা দেখে একজন চিৎকার করে উঠলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশে খবর দেওয়া হয়। সন্ধ্যার দিকে বাইরে থেকে বাসায় ফেরেন কল্পনার মা লাকী।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ সাংবাদিকদের জানান, বাসার কিছু কাপড়চোপড় উলটপালট দেখা গেছে। প্রাথমিকভাবে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। হত্যায় ব্যবহৃত ধারালো কোনো কিছু বাসায় পাওয়া যায়নি।
ডিসি বলেন, কল্পনার মা লাকীকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তবে তাঁর মেয়েও যেহেতু খুন হয়েছে, সেই বিষয়টিও বিবেচনায় থাকবে।
ঘটনার খবর পেয়ে বাড়ির সামনে গিয়ে আহাজারি করছিলেন লাকীর খালাতো বোন আশা আক্তার। জানতে চাইলে আশা প্রথম আলোকে বলেন, লাকী অসুস্থ। তিনি হাসপাতালে গিয়েছিলেন। তবে তিনি কখন ওই বাসা থেকে বের হয়েছিলেন সে ব্যাপারে তিনি কিছুই জানেন না।
নিহত রওশন আরার ভাই মোজাম্মেল হোসেন সাংবাদিকদের জানান, তিনি টিকাটুলিতে থাকেন। খবর পেয়ে এসেছেন। তাঁর জানামতে, তাঁর বোনের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না।
প্রতিবেশী কয়েকজন জানান, তাঁরা ওই বাসা থেকে কোনো চিৎকার চেঁচামেচির শব্দ পাননি। তবে বাসার সামনের গলিটিতে প্রায় সময় পানি ও ময়লা-আবর্জনা জমে থাকে। বালুর বস্তা ফেলে চলাচল করতে হয়। তাই তেমন চলাফেরাও কম। ফলে সাধারণত বাড়ির সামনের গলিটি সব সময় থাকে নির্জন।
গতকাল সন্ধ্যা থেকে প্রায় রাত ১০টা পর্যন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ওই বাসায় আলামত সংগ্রহ করেন। তখন কোনো সংবাদকর্মীকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আশপাশে ছিল উৎসুক জনতার ভিড়। রাত সাড়ে ১০টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। তবে তখনো পর্যন্ত ভেতরে কোনো সংবাদকর্মীকে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ কর্মকর্তারা তখন ওই বাড়ির নিচতলার ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদ করছিলেন।
আলামত সংগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট সিআইডির পরিদর্শক আরিফ ইফতেখার সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে, একাধিক ব্যক্তি এ খুনের ঘটনা ঘটিয়েছে।