সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে দুদকে তলব
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য গতকাল রোববার বিকেলে আলমগীর কবিরের কাছে নোটিশ পাঠিয়েছেন সংস্থাটির উপপরিচালক যতন কুমার রায়।
তিনি প্রথম আলোকে বলেন, ২১ সেপ্টেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য আলমগীর কবিরকে নোটিশ পাঠানো হয়েছে। এ বছরের ৩ মার্চ শাহবাগ থানায় দুদকের দায়ের করা মামলার আসামি তিনি।
একই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই সময়ের গৃহায়ণ ও গণপূর্তসচিব ইকবাল উদ্দিন চৌধুরী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তিনজন সাবেক চেয়ারম্যান গোলাম নবী, আবদুল বারী খান, এ টি এম আতাউর রহমানসহ আরও ১৯ জনকে কাল মঙ্গলবার চিঠি পাঠানো হবে বলে দুদক সূত্র জানিয়েছে।
আলমগীর কবির প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ২০০৬ সালে একটি সংগঠনকে নামমাত্র মূল্যে মিরপুরে সাত একর জমি বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বাজারমূল্যের চেয়ে কম দামে ওই জমি বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করেন বলে মামলায় অভিযোগ করা হয়।