সাবেক প্রতিমন্ত্রী শাহজাহানের এপিএসের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত মহাজোট সরকারের ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) সৌমেন্দ্র লাল চন্দের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সচিবসহ তিনজনের বিরুদ্ধেও অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক। একই দিন আরব বাংলাদেশ ব্যাংকের (এবি ব্যাংক) চার জ্যেষ্ঠ কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। এসব অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্র জানায়, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার এপিএস ছিলেন সৌমেন্দ্র লাল চন্দ। ওই সময় অবৈধভাবে ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৬৩৯ টাকার সম্পদ অর্জন করার অভিযোগে ২০১৪ সালের ২ জুন রমনা থানায় তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।
এদিকে খাদ্যদ্রব্য সরবরাহ বিলের বিপরীতে অবৈধভাবে ১০ লাখ ১৯ হাজার ৩৪৬ দশমিক ৬০ টাকা তুলে আত্মসাতের মামলায় বক্ষব্যাধি হাসপাতালের সচিব মুন্সী সাজ্জাত হোসেন, ভান্ডার কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক হাসিনা বেগমের বিরুদ্ধে গতকাল অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। এ অভিযোগে গত বছরের ২ এপ্রিল বনানী থানায় মামলা করে দুদক।
ঋণ জালিয়াতির মাধ্যমে পৌনে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের চার কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুদক। তাঁরা হলেন ব্যাংকের কর্মকর্তা সৈয়দ জহির উদ্দিন মোহাম্মদ মুজিব, আবু সালেহ মো. আবদুল মাজেদ, এ এল এম বদিউজ্জামান, ফারুক আহমেদ ভুঁইয়া এবং মেসার্স বুশরা অ্যাসোসিয়েটস ও ওয়ান থ্রেড অ্যান্ড একসেসরিজ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী খন্দকার মেহমুদ আলম।