‘ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!’: চার কর্মকর্তা ও দুই সরবরাহকারী দায়ী
সাবেক প্রতিমন্ত্রীর দোষ পায়নি সংসদীয় কমিটি!
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে দেওয়া ক্রেস্টে সোনা জালিয়াতি হয়েছে। কিন্তু এর জন্য দায়ী ব্যক্তিদের মধ্যে তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলামের নাম নেই। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এমন প্রতিবেদনই দিয়েছে। তাজুল ইসলাম এই সংসদীয় কমিটির সভাপতি। প্রতিবেদনটি জমাও দেওয়া হয়েছে তাঁর কাছে।
এর আগে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে তাজুল ইসলামসহ ১৩ জনকে দায়ী করে প্রতিবেদন দিয়েছিল।
সংসদীয় কমিটির প্রতিবেদনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চার কর্মকর্তা ও কর্মচারীকে দায়ী করা হয়েছে এবং ক্রেস্ট সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
গত বছরের ২৪ এপ্রিল সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান আফছারুল আমীনের নেতৃত্বে গঠিত কমিটি প্রায় এক বছর পর গত রোববার তাদের প্রতিবেদন জমা দেয়। তদন্ত কমিটির অন্যতম সদস্য ইকবালুর রহিম কমিটির পক্ষে এটি জমা দেন।
কমিটি প্রতিবেদনে ক্রেস্ট তৈরির বিষয়ে চরম অবহেলা ও অনিয়মের জন্য এবং ক্রেস্ট পরীক্ষার প্রতিবেদন গোপন করায় মন্ত্রণালয়ের তৎকালীন সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার, উপসচিব এনামুল কবির ও শাখা সহকারী আবুল কাসেমকে (ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা) দায়ী করেছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
ক্রেস্টে নির্ধারিত পরিমাণে সোনা না দেওয়ায় সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ১০ জুন মামলা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এতে রাজধানীর বনানীতে অবস্থিত ক্রেস্ট সরবরাহকারী প্রতিষ্ঠান এমিকনের মালিক মীর দাউদ আহমেদ ওরফে নাজিম এবং শান্তিনগরের মেসার্স মহসিনুল হাসানের স্বত্বাধিকারী মো. মোহসিনুল হাসানের বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। সংসদীয় তদন্ত কমিটি এ মামলার বিষয়ে যথাযথ আইনানুগ কার্যক্রম গ্রহণ করার সুপারিশ করেছে।
সাত পর্বে দেওয়া সম্মাননার জন্য তৈরি করা ক্রেস্ট জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) পরীক্ষা করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে করা ওই পরীক্ষায় দেখা গেছে, ক্রেস্টে এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনা থাকার কথা থাকলেও ছিল মাত্র ২ দশমিক ৬৩ গ্রাম (সোয়া তিন আনা)। এক ভরির মধ্যে প্রায় ১২ আনাই নেই। আর রুপার জায়গায় ৩০ ভরি বা ৩৫১ গ্রাম পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু দেওয়া হয়েছে।
সংসদীয় তদন্ত কমিটি তাদের পর্যালোচনায় বলেছে, বিদেশিদের মধ্যে সাত পর্বে ৩৩৮টি ক্রেস্ট দেওয়া হয়। প্রথম দুই পর্বে বিতরণের সময় সচিব ছিলেন মিজানুর রহমান। পরবর্তী পাঁচ পর্বে বিতরণের সময় সচিব ছিলেন মাসুদ সিদ্দিকী। কমিটি বলেছে, বিদেশি বন্ধুদের যে ক্রেস্ট দেওয়া হয়েছিল, তাতে প্রতিটি ক্রেস্টে ২২ দশমিক ৫ গ্রাম বা প্রায় দুই ভরি সোনা ও ৩০ ভরি রৌপ্য থাকার কথা। কিন্তু বিএসটিআই পরীক্ষা করে মাত্র ২ দশমিক ৬৩ গ্রাম সোনা পেয়েছে।
কমিটি বলেছে, ক্রেস্টে নির্ধারিত বিভিন্ন ধাতুর পরিমাণ কম দেওয়ার বিষয়টি জঘন্য অপরাধ, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
কমিটি জানায়, বিএসটিআইয়ের প্রতিবেদনটি পাওয়ার পর তা তৎকালীন প্রতিমন্ত্রীকে না পাঠিয়ে যুগ্ম সচিবকে পাঠান তৎকালীন সচিব। এরপর যুগ্ম সচিব পাঠান উপসচিবকে, উপসচিব পাঠান প্রশাসনিক কর্মকর্তাকে। নথিপত্র অনুযায়ী ক্রেস্টের বিল প্রদানের নথি অনুমোদন করেছেন তৎকালীন সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী। তিনি বিএসটিআইয়ের বিষয়টি অবহিত থাকার পরও বিল অনুমোদন করে সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা করেছেন। আবুল কাসেম তালুকদার বিএসটিআইয়ের প্রতিবেদন পাওয়ার পরও ক্রেস্ট সরবরাহকারী প্রতিষ্ঠান এমিকনকেই ক্রেস্ট সরবরাহের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেন। ক্রেস্ট পরীক্ষার বিষয়টি তিনিও সভায় উপস্থাপন করেননি। বিএসটিআইয়ের প্রতিবেদনে ক্রেস্টে সোনা কম থাকার বিষয়টি উপস্থাপন না করে একই প্রতিষ্ঠানকে পুনরায় কাজ দেওয়ার সুপারিশ করে তিনি গুরুতর অন্যায় করেছেন। সম্মাননা শাখার উপসচিব এনামুল কবির চিঠি স্বাক্ষর করে পরীক্ষার জন্য ক্রেস্ট বিএসটিআইতে পাঠিয়েছেন এবং বিএসটিআই প্রতিবেদনটি তাঁর বরাবরই পাঠিয়েছে। এ রকম একটি গুরুত্বপূর্ণ নোটে বিস্তারিত উল্লেখ না করে এবং সংশ্লিষ্ট অন্য সবাইকে যথাযথভাবে অবহিত না করে তিনি গুরুতর অন্যায় ও অবহেলা করেছেন।
সার্বিক বিষয় পর্যালোচনা করে কমিটি বলেছে, তারা জাতীয় কমিটির সিদ্ধান্ত ও আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তৎকালীন প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, তৎকালীন সচিব মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তাদের সম্পৃক্ততা পায়নি। কমিটি মনে করছে, নথিতে প্রতিবেদনটি বিস্তারিতভাবে উপস্থাপন করলে দেশ ও জাতিকে এমন অসম্মান অবস্থায় নিপতিত হতে হতো না।
মন্ত্রণালয়ের কমিটি জালিয়াতির জন্য তখনকার প্রতিমন্ত্রী তাজুল ইসলামের অবহেলাকে দায়ী করলেও সংসদীয় কমিটি দাবি করেছে যে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পায়নি। এ বিষয়ে জানতে চাইলে কমিটির প্রধান আফছারুল আমীন গতকাল প্রথম আলোকে বলেন, ‘তদন্তে যা এসেছে, আমরা তা-ই প্রতিবেদনে উল্লেখ করেছি।’
‘ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!’ শিরোনামে গত বছরের ৬ এপ্রিল প্রথম আলোয় খবর প্রকাশিত হওয়ার পর তদন্ত কমিটি, অধিকতর তদন্ত কমিটি, সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়। থানায় মামলা এবং হাইকোর্টে রিটও হয়। অধিকতর তদন্ত কমিটি এখনো প্রতিবেদন দেয়নি। অগ্রগতি নেই দুর্নীতি দমন কমিশনের তদন্তেরও।
ক্রেস্ট জালিয়াতির খবর প্রকাশের পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাসুদ সিদ্দিকী, অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, যুগ্ম সচিব আবুল কাশেম ও জ্যেষ্ঠ সহকারী সচিব মো. বাবুল মিঞাকে ওএসডি করা হয়। ওএসডি থাকা অবস্থায় মাসুদ সিদ্দিকী অবসরোত্তর ছুটিতে গেছেন। তাঁর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে চাকরির মেয়াদ বাড়ানোরও অভিযোগ ছিল। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তাঁর সনদ বাতিল করে।
আরও পড়ুন