প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় গাজীপুরের কালিয়াকৈর ও বগুড়ার শেরপুর থানায় গত মঙ্গলবার রাতে দুটি মামলা করা হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা উভয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে আসামি করা হয়েছে।
ইরাদ আহমেদের বাড়ি কালিয়াকৈর উপজেলার বলিয়াদী এলাকায়। তিনি সর্বশেষ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাঁকে গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার কালিয়াকৈরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
পুলিশ জানায়, গত রোববার রাতে ইরাদ আহমেদ নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রশিদ বাদী হয়ে ইরাদ আহমেদের বিরুদ্ধে মামলা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোতালেব মিয়া বলেন, প্রধানমন্ত্রীকে ফেসবুকে হত্যার হুমকি এবং তাঁকে নিয়ে কটূক্তি করায় ওই মামলা করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে একই অভিযোগে বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ গত মঙ্গলবার রাতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে শেরপুর থানায় ইরাদ আহমেদের বিরুদ্ধে মামলা করেছেন।