সাবেক ব্যাংক কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে দুদক
দুর্নীতির মামলায় সাবেক একজন ব্যাংক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক একজন চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার ঢাকা ও বরিশাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
গ্রেপ্তার করা ওই দুজন হলেন জনতা ব্যাংকের গেন্ডারিয়া শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. শামী উল্লাহ এবং ঝালকাঠি সদরের গাভারাম ইউপির সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম খান।
দুদকের সূত্র বলেছে, শামী উল্লাহর বিরুদ্ধে ৭৭ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গতকাল সকালে মামলা করে দুদক। মামলা করার কিছুক্ষণ পর তাঁকে লালবাগ থেকে গ্রেপ্তার করে সংস্থাটি। এজাহারে বলা হয়, শামী উল্লাহ পারস্পরিক যোগসাজশে জাল দলিলের বিপরীতে ৪৫ লাখ ৬০ হাজার টাকা কর্মচারী গৃহনির্মাণ ঋণ দেখিয়ে পরে ভিন্ন হিসাবে স্থানান্তর করেন। এ ছাড়া ভুয়া জমি দেখিয়ে ও মিথ্যা তথ্য দিয়ে গৃহনির্মাণ ঋণ বাবদ ৩২ লাখ টাকাসহ মোট ৭৭ লাখ ৬০ হাজার টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন।
এদিকে ঝালকাঠি সদর থানায় গত ফেব্রুয়ারিতে করা একটি মামলায় বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে মো. আমিনুল ইসলাম খানকে। তাঁর বিরুদ্ধে ৩ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।