সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণের ৭৮ লাখ ৭২ হাজার ৫৯৭ টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে উত্তরা ব্যাংকের লালদীঘির পাড় শাখার সাবেক ব্যবস্থাপক মো. লুৎফুর রহমানের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বৃহস্পতিবার রাতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মামলা দুটি করেন। রাত সাড়ে ১১টায় মামলা নথিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমদ।
মামলার এজাহারে বলা হয়, লালদীঘির পাড় শাখার ব্যবস্থাপক হিসেবে মো. লুৎফুর রহমান প্রথম মেয়াদে ১২ সেপ্টেম্বর ১৯৯০ থেকে ১৪ সেপ্টেম্বর ১৯৯৪ সাল পর্যন্ত এবং দ্বিতীয় মেয়াদে ৯ এপ্রিল ১৯৯৬ থেকে ৬ নভেম্বর ২০০২ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতার অপব্যবহার করে তিনি টিওডির ৬২ লাখ ৭৯ হাজার ৫২০ টাকা এবং সিসি ঋণের ১৫ লাখ ৯৩ হাজার ৭৭ টাকা পরিশোধ না করে আত্মসাৎ করেন।