সাবেক ভূমি কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার ও সাবেক ভূমি হুকুমদখল কর্মকর্তা শাহরীয়ার মতিনসহ ১৭ জনের বিরুদ্ধে সরকারের ১ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।

এই ১৭ জনের মধ্যে ছয়জন সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং বাকি ১১ জন বেসরকারি ব্যক্তি।
আজ রোববার ফরিদপুরের দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. আবুল বাশার একে অপরের যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে এ অভিযোগপত্র দেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার ও সাবেক ভূমি হুকুমদখল কর্মকর্তা শাহরীয়ার মতিন বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ সালের ২৩ জানুয়ারি হতে ২০ মে সময়ের মধ্যে শাহরীয়ার মতিন গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভূমি হুকুমদখল কর্মকর্তা ছিলেন। এ সময় তিনি ‘গৌরনদী-আগৈলঝরা-পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়ক উন্নয়ন’ প্রকল্পের জন্য ভূমি হুকুমদখলের সময় ক্ষতিপূরণের অর্থ অনিয়মের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে বিধিবহির্ভূতভাবে নেন। এতে সরকারের ১ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৭৩৩ টাকা আত্মসাৎ করেছেন। তদন্তে এটি প্রমাণিত হয়েছে।
শাহরিয়ার মতিন ছাড়াও অন্য যে ১৬ ব্যক্তির নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাদের মধ্যে পাঁচজন হলেন সরকারি কর্মচারী। এঁরা হলেন গোপালগঞ্জ জেলা প্রশাককের কার্যালয়ের সাবেক কানুনগো রমেশ পাল ও আবদুল জব্বার, সাবেক সার্ভেয়ার মো. কাসেদুল হক, মো. ইসমাইল, মো. মোশাররফ হোসেন।
বাকি ১১ জন বেসরকারি ব্যক্তি। তাঁরা হলেন কোটালীপাড়ার হিরণ গ্রামের হরিপদ সাহা, ডহরপাড়া গ্রামের মো. নান্নু শেখ, শেখ ঠান্ডা, দেলোয়ার হোসেন, মো. জাহিদুল ইসলাম, মদনপাড়া গ্রামের মতিয়ার হাজরা, উরাহাটি গ্রামের গণেশ ওঝা, পশ্চিমপাড়া গ্রামের সোহরাব হোসেন, উনশিয়া গ্রামের মো. ফজলুর রহমান, সোনাদিয়া গ্রামের লিটু শেখ ও গোপালগঞ্জ সদরের মো. সাজিদ মোল্লা।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আলী আকবর খান বাদী হয়ে ২০১৪ সালের ২৪ আগস্ট এই অনিয়মের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুর হক এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।