সাবেক মন্ত্রীর হিসাবরক্ষক খুন
মেসবাড়ি থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর গত শনিবার সকালে ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকা থেকে পুলিশ আমিনুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে। তিনি সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার আইন পরামর্শক প্রতিষ্ঠানের হিসাবরক্ষক ছিলেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ জানায়, গত শনিবার সকাল নয়টার দিকে পুলিশ তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি এলাকার মুজাহিদনগর সড়কের পাশ থেকে আমিনুল ইসলামের জবাই করা লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শনিবার সকাল আটটার দিকে স্থানীয় বাসিন্দারা থানায় ফোন করে জানান, মুজাদিনগর সড়কের পাশে এক ব্যক্তির গলাকাটা লাশ পড়ে আছে। পুলিশ অজ্ঞাতনামা হিসেবে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে ওই ব্যক্তির প্যান্টের পকেটে পাওয়া একটি মুঠোফোনের কল তালিকা থেকে বিভিন্ন নম্বরে ফোন করে পুলিশ আমিনুলের পরিচয় নিশ্চিত হয়। মর্গে গিয়ে স্বজনেরা আমিনুলের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় গত শনিবার বিকেলে নিহত ব্যক্তির বড় ভাই রিয়াজুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল রোববার পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
নিহত আমিনুলের ভাতিজা তানজিমুল ইসলাম বলেন, আমিনুল ইসলাম ঢাকার মুরাদপুরের ৯৫ নম্বর মাদ্রাসা রোডের একটি মেসে থাকতেন। গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ওই বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। বরিশালের মুলাদি থানার গোলাইভাঙা গ্রামে তাঁর স্ত্রী-সন্তানেরা থাকেন। তানজিমুল প্রথম আলোকে বলেন, ‘কী কারণে কারা আমার চাচাকে মেরেছে, তা জানি না।’
গতকাল রাতে যোগাযোগ করা হলে সাবেক মন্ত্রী নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমিনুল পল্টনে আমার ল ফার্মের হিসাবরক্ষক ছিলেন। খুবই বিশ্বাসভাজন ছিলেন। গলাকাটার ধরন দেখে মনে হয়েছে, সাংঘাতিক আক্রোশের বশবর্তী হয়ে তাঁকে খুন করা হয়েছে।’
সাবেক এই মন্ত্রী আরও জানান, আমিনুলের রুমমেটের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, শুক্রবার রাতে দুজন নারী ওই মেসে আসার পর তাঁদের সঙ্গে বের হয়েছিলেন আমিনুল। দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হোক, এমনটাই আশা করেন তিনি।