সাবেক সচিবসহ পাঁচ সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়া তিন সচিব ও এক যুগ্ম সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জন প্রশাসন মন্ত্রণালয়। আর একই অভিযোগ ওঠা প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় চার সচিবের বিষয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।
আর মোল্লা ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর অনুমোদনের বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হবে।
এ ব্যাপারে জনপ্রশাসন সচিব কামাল আবু নাসের প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁদের বিরুদ্ধে যে অসদাচরণের অভিযোগ পেয়েছি সেই পরিপ্রেক্ষিতেই তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে। প্রথম অবস্থায় তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
সনদ বাতিল হওয়া এই চার সচিব হলেন স্বাস্থ্যসচিব মো. নিয়াজ উদ্দিন মিঞা, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার। তবে একই অভিযোগ ওঠা প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। তিনি
বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে বলেছে, প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তারা মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন। তাঁরা সরকারি নির্দেশনা, পরিপত্র ও আইন অমান্য করে অসদাচরণ করেছেন।