ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকার ধামরাইয়ের সাবেক সাংসদ বেনজীর আহমেদের বিরুদ্ধে মনোনয়ন ও দলে পদ দেওয়ার বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ করেছেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ এম এ মালেক।
গতকাল রোববার ধামরাইয়ের ইসলামপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ডাকবাংলোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এম এ মালেক এসব অভিযোগ করেন। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এম এ মালেক বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার সব যোগ্যতা থাকার পরও বেনজীর আহমেদের কথায় ১০ লাখ টাকা দিয়ে আমাকে ওই পদ পেতে হয়েছে।’ তিনি বলেন, ‘গত বছরের ইউপি নির্বাচনের সময় দলীয় মনোনয়ন দিয়ে বেনজীর আহমেদ বাইশাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানের কাছ থেকে ৩০ লাখ ও ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিনের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে শুনেছি। অর্থের বিনিময়ে কুল্লা ইউনিয়নের বিএনপির প্রার্থী আক্কাস আলী, সোমভাগ ইউনিয়নের বিএনপির প্রার্থী আবুল হোসেন ও যাদপপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আবদুল মজিদকে সমর্থন দেওয়ার অভিযোগও রয়েছে বেনজীর আহমেদের বিরুদ্ধে। এ ছাড়া গত পৌরসভা নির্বাচনেও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তিনি (বেনজীর)। বিদ্রোহী প্রার্থী সাহেব আলীর কাছ থেকে ৩৫ লাখ টাকা নিয়ে তাঁকে সমর্থন করেন বলেও শোনা যাচ্ছে।’
এম এ মালেক বলেন, কোনো ব্যবসা-বাণিজ্য ছাড়াই সাংসদ থাকা অবস্থায় বেনজীর আহমেদ ঢাকায় দুটি ফ্ল্যাট ক্রয় করেন এবং ধামরাইয়ের কুশুরিয়ায় বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন। বেনজীর আহমেদের এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
জানতে চাইলে এসব অভিযোগের কথা অস্বীকার করে বেনজীর আহমেদ বলেন, ঢালাওভাবে অভিযোগ না করে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে হবে। অন্যথায় এম এ মালেকের বিরুদ্ধে মানহানির মামলা হতে পারে। বেনজীর আরও বলেন, ‘এম এ মালেক আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধেই ওই সব অভিযোগ রয়েছে। তিনি (মালেক) যা করেন, তিনি ভাবেন অন্যরাও বুঝি তাই করেন।’