সাবেক সাংসদকে লাঞ্ছিত করার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রলীগের হাতে স্থানীয় সাবেক সাংসদ মোহাম্মদ শাহ আলম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংবর্ধনা নিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ভয়ে ছোটাছুটি করেন।
উপজেলার ৬৬টি বিদ্যালয়ের ১৩২ জন কৃতী শিক্ষার্থীকে গত শনিবার খাড়েরা মোহাম্মদীয় উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা দেওয়া হয়। ঢাকার কসবা সমিতি এর আয়োজন করে। এতে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাংসদ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি ছিলেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও একই আসনের সাবেক সাংসদ মোহাম্মদ শাহ আলম অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি ছিলেন।
শাহ আলম বলেন, তেমন কিছু হয়নি। এটা নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি মাত্র। ঘটনার বিষয়ে আনিসুল হক বলেন, বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদ শাহ আলম অনুষ্ঠানস্থলের দর্শক গ্যালারিতে বসা ছিলেন। এ সময় উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী চড়াও হন তাঁর ওপর। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে তাঁকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশি পাহারায় তিনি চলে যান। এর প্রায় ২০-২৫ মিনিট পর আইনমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসেন।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন মন্তব্য করতে রাজি হননি।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত শিক্ষার্থী ও ছাত্রলীগকে উদ্দেশ করে বলেন, ‘বাংলাদেশের মানুষ মাফ করতে জানে। তোমরা যদি কারও প্রতি রাগ করে থাকো, তাহলে মাফ করে দাও। কারণ, বঙ্গবন্ধুও মাফ করেছিলেন। যদি বেশি রাগ করে থাকো, মাফ করতে না পারো, তাহলে আমার ওপর চালিয়ে দাও।’
অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। এতে ঢাকার কসবা সমিতির সভাপতি মো. সেলিম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব আজহারুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি কবির আহাম্মদ ভূইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাইউম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউছার ভূইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মাহমুদ, সমিতির সদস্য মোস্তাক আহাম্মদ, আবু জামাল, মুক্তিযোদ্ধা এ বি এম শাহজাহান প্রমুখ।