রাজধানীর হাতিরঝিল প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টির সাবেক সাংসদ আবুল কাশেম, তাঁর স্ত্রী সুফিয়া কাশেম ও দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার এ–সংক্রান্ত চার্জশিট অনুমোদন করেছে বলে জানিয়েছেন দুদকের উপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
কাশেম ও তাঁর স্ত্রী ছাড়া অন্য যাঁদের নামে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তাঁরা হলেন জ্বালানি মন্ত্রণালয়ের উপ-সচিব জ্ঞানেন্দ্র নাথ সরকার ও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।
দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুস সাত্তার শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেবেন বলে জানা গেছে।
২০১৩ সালের ডিসেম্বর মাসে দুদক কর্মকর্তা যতন কুমার রায় এ অভিযোগে মামলা করেছিলেন।
অভিযোগে বলা হয়েছে, ২০০৬ সালে জ্ঞানেন্দ্র নাথ সরকার ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ও মোখলেসুর রহমান অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে সাবেক সাংসদ আবুল কাশেম ও তাঁর স্ত্রী সুফিয়া কাশেমের যোগসাজশে হাতিরঝিলের তেজকুনিপাড়া মৌজায় দশমিক ৬৫ একর জমি দেখিয়ে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন। অথচ সেখানে তাঁদের কোনো জমি ছিল না।