সাবেক সাংসদের পুত্রবধূ হত্যার ঘটনায় মামলা
আওয়ামী লীগের সাবেক সাংসদ মোল্লা জালাল উদ্দিনের ছেলের বউ সোনিয়া রাব্বী ওরফে লিপি (৩৫) গুলিতে নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে জালাল উদ্দিনের ভাই লোকমান মোল্লার ছেলে হেদায়েত হোসেনকে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর থানায় মামলাটি করেন খুলনা-৪ আসনের সাবেক সাংসদ জালাল উদ্দিন। গত বুধবার রাতে খুলনা নগরের মুন্সিপাড়া পুলিশ লাইন ইস্ট লেনে তাঁর নিজ বাসা ‘মায়ের স্বপ্ন’ থেকে সোনিয়ার লাশ উদ্ধার করা হয়।
সোনিয়ার শ্বশুরবাড়ির দাবি, হেদায়েত হোসেন (২৭) একটি লাইসেন্স করা শটগান দিয়ে ইয়ার্কি করে ভাবির মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে হেদায়েত পলাতক।
সোনিয়ার মামা আলীমুর রেজা বলেন, পারিবারিক কোনো কলহ ছিল বলে সোনিয়া কখনো জানাননি। তাঁর স্বামী কামাল উদ্দিন সিদ্দিকী ওরফে হেলাল ও শাশুড়ি হজ করতে সৌদি আরব গেছেন। রাফসান নামে তাঁর নয় বছরের একটি ছেলে রয়েছে।
এজাহারে হেদায়েতকে আসামি করা হলেও এ ঘটনাকে ‘দুর্ঘটনা’ বলে উল্লেখ করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জিয়া উদ্দিন আহমেদ জানান, বুধবার রাতেই শটগানটি শব্দ করা হয়েছে। ঘটনার সময় সোনিয়ার ছোট বোন সেখানে ছিলেন। তিনি যে তথ্য দিয়েছেন তা ধরেই পুলিশ তদন্ত করছে। আসামিকে ধরতে পুলিশ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।