সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর বাড়িতে গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির তত্ত্বাবধায়ককে খুন করেছে।
ডাকাতেরা একটি রিভলবার, একটি রাইফেল, ১০ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, মুঠোফোন ও টাকা নিয়ে গেছে। তবে ওই রাতে নাছির চৌধুরী ও তাঁর পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না।
জেলার দিরাই উপজেলার দিরাই পৌর শহরের উপজেলা পরিষদ কার্যালয়ের পাশেই নাছির উদ্দিন চৌধুরীর বাড়ি। পুলিশ বাড়ির তত্ত্বাবধায়ক লিলু মিয়ার (১৭) লাশ গতকাল রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের শান্তিগঞ্জ এলাকার সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের পাশের জমি থেকে উদ্ধার করেছে।
নাছির উদ্দিন চৌধুরীর দুজন প্রতিবেশী জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা ওই বাড়ির পেছনের গেট খোলা দেখে লিলু মিয়াকে ডাকেন। সাড়াশব্দ না পেয়ে ঘরের কাছাকাছি এগিয়ে যান এবং ঘরের কলাপসিবল গেট খোলা পান।
বারান্দায় তখন কিছু জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে ছিল। ভেতরে গিয়ে দেখেন, লিলু মিয়া নেই; সবকিছু তছনছ করা। পরে নাছির উদ্দিন চৌধুরীকে ফোনে ঘটনা জানানো হয়। তিনি তখন সুনামগঞ্জ শহরে ছিলেন।
নাছির উদ্দিন চৌধুরীর ছোট ভাই মইন উদ্দিন চৌধুরী জানান, জেলা বিএনপির আহ্বায়ক হওয়ার পর থেকে তাঁর ভাই সংগঠনের কারণে সুনামগঞ্জ পৌর শহরে একটি বাড়ি ভাড়া নিয়েছেন এবং সেখানে থাকেন।
নাছির চৌধুরীর স্ত্রী ও পরিবারের অন্যরা দিরাইয়ের বাড়িতেই ছিলেন। শনিবার সকালে তাঁরা সিলেটে যান। তিনি আরও জানান, সকাল থেকেই লিলু মিয়াকে পাওয়া যাচ্ছিল না। বেলা একটার দিকে দিরাই থানার পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর থানার পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। পরে সেখানে একজনকে পাঠিয়ে তিনি নিশ্চিত হন, লাশটি লিলু মিয়ার।
নাছির উদ্দিন চৌধুরী জানান, পুরো ঘর তছনছ করা হয়েছে। ডাকাতেরা ঘরের আলমারি ও ওয়ার্ডরোব ভেঙে একটি রিভলবার, একটি রাইফেল, ১০ ভরি সোনার গয়না, একটি ল্যাপটপ, ছয়টি নতুন মুঠোফোন ও কিছু টাকা নিয়ে গেছে। তিনি বলেন, লিলু মিয়া তাঁর খুবই বিশ্বস্ত ছিল। ডাকাতেরা তাকে খুন করে এসব নিয়ে গেছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ দুপুর ১২টার দিকে গিয়ে লিলু মিয়ার লাশ উদ্ধার করে।
ডাকাতির খবর পেয়ে গতকাল বিকেলে পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা সেখানে যান। তাঁরা নাছির উদ্দিন চৌধুরী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর রশিদ গতকাল বিকেল সাড়ে চারটায় প্রথম আলোকে বলেন, ‘মনে হচ্ছে, অস্ত্র নেওয়ার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লিলু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’