সাবেক সাংসদের ভাগনেকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাংসদ ও সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম বিএসসির ভাগনে ওবায়দুল হককে (৩৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে রাজধানীর কলাবাগানে এ ঘটনা ঘটে।
ওবায়দুল সানোয়ারা গ্রুপের কোয়ালিটি আইসক্রিম শাখার ব্যবস্থাপক ছিলেন। প্রাথমিকভাবে এটিকে ছিনতাইয়ের ঘটনা বলছে পুলিশ।
সানোয়ারা গ্রুপ সূত্র ও কলাবাগান থানার পুলিশ জানায়, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক ও বেইলি রোড এলাকায় কোয়ালিটি আইসক্রিমের তিনটি শোরুম দেখাশোনা করতেন ওবায়দুল। বসতেন বসুন্ধরা সিটির কার্যালয়ে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তিনি কার্যালয় থেকে বের হয়ে রিকশায় করে ভূতের গলির বাসায় ফিরছিলেন। পথে সেন্ট্রাল রোডের এক গলিতে মোটরসাইকেল আরোহী তিন যুবক তাঁর গতিরোধ করে। একপর্যায়ে তাঁর হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় যুবকেরা। এক যুবক তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে। এরপর যুবকেরা পালিয়ে যায়। ছিনিয়ে নেওয়া ব্যাগে একটি ল্যাপটপ ও দুটি মুঠোফোন ছিল।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বলেন, শুক্রবার রাতে এক রিকশাচালক রিকশায় করে গুলিবিদ্ধ এক যুবককে থানায় নিয়ে আসেন। রিকশাচালক পুলিশকে জানান, কে বা কারা ওই যুবককে গুলি করেছে। তখনো তাঁর পরিচয় পাওয়া যায়নি। গাড়িতে করে যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে জানা যায়, তিনি সাবেক সাংসদের ভাগনে।
ওসি বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটা ছিনতাইয়ের ঘটনা। কিন্তু সবকিছু ছিনিয়ে নেওয়ার পরও কেন গুলি করা হলো তা বুঝতে পারছি না। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।’
নিহত ব্যক্তির পরিবার জানায়, ওবায়দুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাকলিয়ার পূর্ব ষোলশহরের খাজা রোড এলাকায়। সাত মাস আগে বিয়ে করেছিলেন তিনি। পাঁচ মাস আগে স্ত্রীকে নিয়ে কলাবাগানের বাসায় ওঠেন। স্ত্রী দেড় মাসের অন্তঃসত্ত্বা। প্রায় ১০ বছর ধরে ওবায়দুল সানোয়ারা গ্রুপে চাকরি করছিলেন।
সানোয়ারা গ্রুপের প্রধান হিসাবরক্ষক অরূপ রতন রায় প্রথম আলোকে বলেন, তিনি ওবায়দুলের ওপরের ফ্ল্যাটে থাকেন। শুক্রবার অনেক রাত হয়ে গেলেও বাসায় ফিরছিলেন না ওবায়দুল। তাঁর দুটি মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে ওবায়দুলের পরিবারের সঙ্গে তাঁকে খুঁজতে তিনিও বৃষ্টির মধ্যে বের হন। সেন্ট্রাল রোডে গেলে এক রিকশাচালক তাঁদের এক যুবককে গুলি করার তথ্য দেন। এরপর তাঁরা কলাবাগান থানায় যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে গিয়ে ওবায়দুলের লাশ শনাক্ত করেন। অরূপ বলেন, ময়নাতদন্ত শেষে লাশ চট্টগ্রামে পাঠানো হয়েছে। সেখানেই লাশ দাফন করা হবে। এক প্রশ্নের জবাবে অরূপ বলেন, তাঁর জানামতে, অফিসে বা বাইরে ওবায়দুলের কোনো শত্রু ছিল না।
যোগাযোগ করা হলে নূরুল ইসলাম বিএসসি প্রথম আলোকে বলেন, ওবায়দুল তাঁর ছোট বোনের ছেলে। ল্যাপটপ, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পরও তাঁকে গুলি করা হয়েছে। তাই ঘটনার ব্যাপারে কোনো কিছু ধারণা করতে পারছেন না তিনি।