সাবেক সার্জেন্টকে হত্যায় দুই আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের চাঞ্চল্যকর সেনাবাহিনীর সার্জেন্ট সাজিদুর রহমান (অব.) হত্যা মামলার প্রধান দুই আসামি ফাকু মিয়া ও আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। আজ সোমবার দুপুর ১২টায় শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
র্যাব-৯–এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান, গতকাল রোববার রাত নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯–এর সিপিসি-২–এর একটি দল শ্রীমঙ্গল উপজেলার বৌলাসীর বাজার এলাকায় অভিযান চালিয়ে সার্জেন্ট সাজিদুর হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার দেবীপুর ও মহিষদোলন হাংসাং পাঁচটিলা গ্রামে। তাঁদের বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বশত্রুতার জের ধরে গত ৫ অক্টোবর সেনাবাহিনীর সার্জেন্ট সাজিদুর রহমানকে (অব.) ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর-মহিষদোলন এলকায় প্রকাশ্যে হত্যা করা হয়। গ্রেপ্তার এড়াতে আসামিরা আত্মগোপন করে শ্রীমঙ্গলে অবস্থান করছিল।