সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে ৯ কোটি টাকার অডিট আপত্তি
চাকরিজীবনের বিভিন্ন সময়ে (১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত) চট্টগ্রাম, বান্দরবান ও ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জনের দায়িত্ব পালন করেন সরফরাজ খান চৌধুরী। যখন যে জেলায় সিভিল সার্জনের দায়িত্ব পালন করেন, তখন সেই জেলার সদর হাসপাতালের তত্ত্বাবধায়কও ছিলেন তিনি। তিন জেলায় দায়িত্ব পালনের সময় তাঁর বিরুদ্ধে ৯ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ৪০২ টাকার অডিট আপত্তি তুলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে যন্ত্রপাতি ক্রয়, রোগীর টিকিট বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা না করাসহ বিভিন্ন বিষয়ে সরকারের এই পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে অডিট আপত্তিতে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অডিট অধিশাখা থেকে গত ১৬ মার্চ ওই তিন জেলার সিভিল সার্জন কার্যালয় ও তিনটি হাসপাতালে এসব অডিট আপত্তি পাঠানো হয়েছে। অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তি করে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য তিন জেলার সিভিল সার্জন ও হাসপাতালগুলোর তত্ত্বাবধায়কদের বলা হয়েছে।
অভিযোগ ওঠা সরফরাজ খান ২০১৫ সালের ডিসেম্বর মাসে সরকারি চাকরি থেকে অবসরে যান। তাঁর শেষ কর্মস্থল ছিল চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। অডিট আপত্তির বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা একটি স্বাভাবিক বিষয়। যন্ত্রপাতি কেনাকাটায় যেসব আপত্তি দেওয়া হয়েছে, সেগুলোর জবাব আমি আগে দিয়েছি। উদ্দেশ্যমূলকভাবে আমাকে হেয় করার জন্য এগুলো করা হয়েছে।’
সরফরাজ খান তত্ত্বাবধায়ক থাকাকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটা নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করতে গত বছরের ১০ এপ্রিল জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছিল। ওই বছরের ৭ সেপ্টেম্বর প্রতিবেদন প্রকাশ করে তদন্ত কমিটি।
প্রতিবেদনে বলা হয়, ২ কোটি ৮০ লাখ টাকার এমআরআই মেশিন কেনা হয়েছে প্রায় ১০ কোটি টাকায়। একইভাবে ৯৮ লাখ টাকা দামের চারটি কালার ড্রপলার কেনা হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা দিয়ে। এ নিয়ে গত ২ জুলাই প্রথম আলোয় ‘৩ কোটি টাকার যন্ত্র কেনা হলো ১০ কোটিতে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
কমিটির প্রতিবেদন ও প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, রক্ত পরিসঞ্চালনের জন্য জার্মানির একটি ব্লাড ওয়ারমার মেশিন কেনা হয় ৯ লাখ ৩২ হাজার টাকায়। বাজারে এধরনের মেশিনের মূল্য ১৫ হাজার টাকার বেশি নয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। কান পরীক্ষার জন্য অটোস্কোপ মেশিনের বাজারে দাম পড়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা। কিন্তু হাসপাতালে অটোস্কোপ মেশিন সরবরাহ করা হয় ৩ লাখ ৭০ হাজার টাকায়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক থাকাকালে (২০১৪-১৫ ও ২০১৫-১৬) প্রয়োজন না থাকা সত্ত্বেও ৮৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্র কেনার অভিযোগ উঠেছে সরফরাজ খানের বিরুদ্ধে। হাসপাতালের ভারী যন্ত্রপাতি কেনার সময় উচ্চমূল্যের কারণে সরকারের ৮ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৯১০ টাকার সমপরিমাণ আর্থিক ক্ষতি করা হয়েছে বলে অডিট আপত্তিতে উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন থাকাকালে (২০১৩-১৫) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সরঞ্জাম কেনায় ১ লাখ ৫৮ হাজার ৬২৫ টাকা এবং ছাড়পত্র নবায়ন ফির ওপর ১ লাখ ৩৯ হাজার ৮০০ টাকার ভ্যাট আদায় না করার আপত্তি তোলা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, তাঁর (সরফরাজ খান) কর্মকালীন বিভিন্ন অডিট আপত্তি নিয়ে চিঠি এসেছে। বিষয়টি নিষ্পত্তির জন্য পুরোনো ফাইল খুঁজে দেখা হচ্ছে। এরপর মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে।