সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দুদকের
প্রায় সাড়ে ৫৯ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে করা মামলায় সাবেক এক সেনা কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার কমিশনের সভায় এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে দুদক সূত্র জানিয়েছে।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে, তাঁরা হলেন মেজর জেনারেল (অব.) জালাল উদ্দীন আহমেদ ও শেখ সামসুর রহমান।
দুদক সূত্র জানায়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পরিবারের তিন সদস্যসহ সাবেক ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
মামলার এজাহারে বলা হয়, মেজর জেনারেল (অব.) জালাল উদ্দীন আহমেদ ২০০৩ সালে স্ত্রী আলেয়া ফাতেমাসহ ধারা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে সমবায় ব্যবসা শুরু করেন। লাখে দুই হাজার টাকা লাভের আশায় ১ হাজার ৪৪৯ জন বিনিয়োগকারী মোট ৫৯ কোটি ৩৯ লাখ ১ হাজার ৪৫৪ টাকা ওই প্রতিষ্ঠানে রসিদের মাধ্যমে জমা দেন। কিন্তু জালাল উদ্দীন আহমেদ সোসাইটির ব্যাংক হিসাবে কোনো অর্থ জমা না দিয়ে ছেলেমেয়ের কাছে এ অর্থ পাচার করেন। এ কারণে জালাল উদ্দীন আহমেদ, তাঁর স্ত্রী আলেয়া ফাতেমা, ছেলে তালহা আহমেদ ও মেয়ে রাদিয়া আহমেদের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার তদন্ত করেন দুদকের আরেক উপপরিচালক আবদুস সোবহান। তদন্তে জালাল উদ্দীন আহমেদের স্ত্রী ও দুই সন্তানের সংশ্লিষ্টতা না পাওয়ায় অভিযোগপত্র থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয় বলে সূত্র জানিয়েছে। শেখ সামসুর রহমান নামের আরেকজনের সংশ্লিষ্টতা পাওয়ায় এজাহারে না থাকলেও তাঁকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে। শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।