সাবেক সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু
রাজধানীর মহাখালীর ডিওএইচএসের বাসায় সেনাবাহিনীর সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে মহাখালীর বাসা থেকে ওয়াজি আহমেদ চৌধুরী (৭৭) নামে সেনাবাহিনীর সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেলকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাতে যোগাযোগ করা হলে পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জসীমউদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, মহাখালীর ডিওএইচএসের বাসায় গিয়ে তাঁরা জেনেছেন, সাবেক এই সেনা কর্মকর্তার পরিচারক বাসা ছেড়ে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের অন্য কর্মকর্তারা বলেন, ধারণা করা হচ্ছে, পরিচারক এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। রাতেই তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
কাফরুল থানার পুলিশ জানায়, ওয়াজি আহমেদ সপরিবার মহাখালীর ডিওএইচএসের বাসায় থাকতেন। গতকাল দুপুরে ডিওএইচএসের বাসা থেকে ওয়াজি আহমেদকে অচেতন অবস্থায় তাঁর ছেলে সিএমএইচে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মৃতদেহ সিএমএইচের হিমঘরে রাখা হয়। কাফরুল থানার পুলিশ রাত পৌনে একটার দিকে সেখান থেকে ওয়াজির মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
কাফরুল অঞ্চলের সহকারী কমিশনার কাজী মাহবুবুল আলম বলেন, ওয়াজি আহমেদের গলায় ফাঁস লাগানো এবং পায়ে দড়ি দিয়ে বাঁধার চিহ্ন পাওয়া গেছে।
গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী আটক: রাজধানীর নাখালপাড়ায় নাজমা বেগম (২০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ।
তেজগাঁও থানার পুলিশ জানায়, নাজমা তাঁর মা-বাবার সঙ্গে ১৯৬ পশ্চিম নাখালপাড়ায় থাকতেন। একই বাসায় থাকতেন নাজমার স্বামী হারুন অর রশীদও। গতকাল বুধবার সকালে পুলিশ ওই বাসার খাটের ওপর থেকে গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করে। পুলিশ ওই বাসা থেকে হারুন অর রশীদকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
নাজমার মা নিলুফা বেগম প্রথম আলোকে বলেন, ১০ মাস আগে হারুনের সঙ্গে নাজমার বিয়ে হয়। কিছুদিন পরে হারুন যৌতুক চান নাজমার কাছে। মঙ্গলবার রাতেও এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। গতকাল সকালে চিৎকার শুনে নাজমার কক্ষে গিয়ে দেখেন গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নাজমার লাশ খাটের ওপর পড়ে আছে। পাশে বসে আছেন হারুন। পরে তাঁরা তেজগাঁও থানায় খবর দেন।
ঘটনা তদন্তকারী তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মমিন আইমেদ ভূইয়া বলেন, নাজমার স্বামী হারুনকে জিজ্ঞাসাবাদ চলছে।