সাবেক সেনাসদস্যকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ির মিন্দালিপাগা এলাকায় গত সোমবার রাতে বাহার মিয়া (৪৫) নামের সাবেক সেনাসদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ, গত ৩১ মার্চ  ইউপি নির্বাচনে জেলার বীরগাঁও ইউনিয়নে জয়ী হওয়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কবির আহমেদের লোকজন বাহারকে হত্যা করেছেন।

হত্যাকাণ্ডের পরপর এলাকাবাসী ঘটনাস্থল থেকে মামুন মিয়া (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। মামুন বীরগাঁও গ্রামের বাসিন্দা।  পুলিশ দাবি করছে, পাওনা টাকা নিয়ে বিরোধে বাহারকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন মামুন।

গতকাল মঙ্গলবার বাহারের স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে মামুন, বীরগাঁও ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কবির আহমেদসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন।

আফরোজা বেগম বলেন, ১ এপ্রিল সকালে কবির আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী কবির হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাহার কবির হোসেনের চাচাতো ভাই। সংঘর্ষের সময় তিনি চাচাতো ভাইয়ের পক্ষে ছিলেন। ওই সংঘর্ষের জেরে সোমবার রাতে কবির আহমেদের লোকজন বাহারকে গলা কেটে হত্যা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কবির আহমেদের সঙ্গে বাহারের গ্রাম্য শত্রুতা ও মামলা-মোকাদ্দমা ছিল। ইউপি নির্বাচনে তা আরও তীব্র হয়। সোমবার রাতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাহারকে বাড়ি থেকে ডেকে পীরবাড়িতে নিয়ে যান মামুন। সেখানে আগে থেকেই উপস্থিত থাকা মামলার অন্য আসামিরা ছুরি দিয়ে বাহারের গলা কেটে এবং বুকে, পিঠে ও পেটে কুপিয়ে হত্যা করেন।