সাবেক স্ত্রীকে কুপিয়ে জখম মামলা করায় বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার শহিদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি তাঁর সাবেক স্ত্রী রাজিয়া খাতুনকে (২০) কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মামলা করায় গত শুক্রবার রাজিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেন শহিদুল ও তাঁর সহযোগীরা। এ ব্যাপারে শহিদুলের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজিয়ার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে উপজেলার যোগানিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে রাজিয়া খাতুনের সঙ্গে পাশের ভোগাইপাড় গ্রামের হুরমুজ আলীর ছেলে শহিদুলের বিয়ে হয়। শহিদুল বিয়ের পর থেকে রাজিয়াকে নির্যাতন করতেন। তিনি প্রায় ছয় মাস আগে স্ত্রীকে তালাক দেন। এর প্রায় তিন মাস পর রাজিয়া আদালতে শহিদুলের বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের মামলা করেন। ওই মামলায় শহিদুল এক সপ্তাহ জেল খাটেন।
গত বৃহস্পতিবার রাতে শহিদুল তাঁর সহযোগীদের নিয়ে রাজিয়ার বাবার বাড়িতে এসে তাঁকে (রাজিয়া) দা ও ছোড়া দিয়ে কুপিয়ে চলে যান। শুক্রবার সকালে তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত শুক্রবার আক্তারুজ্জামান বাদী হয়ে শহিদুলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এর জের ধরে শুক্রবার রাতে শহিদুল রাজিয়ার বাড়িতে এসে আগুন ধরিয়ে দেন। এ সময় রাজিয়ার দাদি ছখিনা খাতুন (৮০) বাধা দিলে শহিদুল তাঁর মাথা ও হাতে দা দিয়ে কোপান। ছখিনা খাতুনকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রাতেই অভিযান চালিয়ে শহিদুলের সহযোগী সুজন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নালিতাবাড়ী থানার এসআই মো. ফাইজুর রহমান জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।