সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ
রাজধানীতে এক নারীকে তাঁর সাবেক স্বামী পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার অভিযোগ ওঠা ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী। তাঁর নাম রুবি আক্তার (২৫)। তাঁকে হত্যার অভিযোগে আটক হওয়া ব্যক্তির নাম সুমন (৩৫)।
রুবির মামা শাহজাহানের অভিযোগ, গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর খিলগাঁও মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। রাত আটটার দিকে রুবিকে তাঁর সাবেক স্বামী সুমন কৌশলে পাশের বাড়ির ছাদে ডেকে নেন। পরে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ সকাল পৌনে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন হাওলাদার আজ সকালে বলেন, গতকাল দিবাগত রাত তিনটার দিকে সুমনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।