সাবেক স্বামী খুন করেছেন আরিফাকে নিশ্চিত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন্নেছাকে (২৫) তাঁর ব্যবহৃত মালামাল ফিরিয়ে দিতে এসেছিলেন সাবেক স্বামী ফখরুল ইসলাম (৩০)। কিন্তু বাসার দরজার কাছে আসতেই আরিফুন্নেছাকে ছুরিকাঘাত করে তিনি পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে।

এজাহার ও একটি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ হওয়া ভিডিও ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত, সাবেক স্বামীই আরিফুন্নেছাকে (আরিফা) হত্যা করেছেন। তবে গতকাল শুক্রবার পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।

গত আগস্ট থেকে রাজধানীর  সেন্ট্রাল রোডসংলগ্ন ১৩ ওয়েস্টএন্ড স্ট্রিটের একটি বাসায় সাবলেট থাকতেন আরিফা। গত বৃহস্পতিবার সকালে সেই বাসার দরজার কাছে তিনি হামলার শিকার হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই আবদুল্লাহ আল আমীন কলাবাগান থানায় হত্যা মামলা করেন। মামলার একমাত্র আসামি ফখরুল।

এজাহারে বলা হয়েছে, পরিবারের অমতে ও নিজেদের পছন্দে ২০১৩ সালে বিয়ে করেন আরিফা ও ফখরুল। গত আগস্টে তাঁদের বিচ্ছেদ হয়। বুধবার মতিঝিলে যমুনা ব্যাংকের কার্যালয়ে গিয়ে আরিফার ব্যবহৃত মালামাল ফিরিয়ে দিতে চান ফখরুল। সে অনুযায়ী বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে আরিফাকে তাঁর বাসার মূল ফটকের সামনে আসতে বলেন তিনি। মূল ফটকের সামনে এসে কিছু মালামালসহ তিনি ফখরুলকে বাড়ির ভেতর নিয়ে যান। আরিফা যে বাসায় থাকেন সেখানে ঢোকার আগে সিঁড়ির পাশে ছুরি দিয়ে তাঁর ঘাড়ে ও দুই হাতে আঘাত করেন ফখরুল।

ওই বাড়ি থেকে উদ্ধার করা সিসি ক্যামেরার ফুটেজ দেখে মামলার তদন্ত কর্মকর্তা ও কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর বলেন, পৌনে নয়টার দিকে মুঠোফোনে কথা বলতে বলতে বাসা থেকে বের হন আরিফা। ফখরুলকে সঙ্গে নিয়ে তিনি ভেতরে ঢোকেন। এর দুই-তিন মিনিট পর ফখরুল দৌড়ে পালিয়ে যান। তিনি বলেন, এরপর আশপাশের লোকজন আরিফাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত, বিবাহবিচ্ছেদের কারণে ক্ষিপ্ত হয়ে ফখরুল হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যায় ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। বাড়িটির নিরাপত্তাকর্মী গোলাম আজম বলেন, ঘটনার সময় অন্য নিরাপত্তাকর্মী দায়িত্বে ছিলেন।

আবদুল্লাহ আল আমীন বলেন, বিচ্ছেদের পর ফখরুল আরিফাকে হুমকি দিতেন। এ নিয়ে কলাবাগান থানায় একটি জিডিও করা হয়েছিল।

কলাবাগান থানার পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর বলেন, এ ধরনের কোনো জিডির সন্ধান তিনি পাননি।

ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে আরিফার মরদেহ জামালপুরে নেওয়া হয়। গতকাল সকাল ১০টার দিকে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।