সাবেক স্বামীর গায়ে ফুটন্ত পানি দেওয়ার অভিযোগ
রাজধানীর মিরপুরের রূপনগরে ঘুমন্ত অবস্থায় দেওয়া ফুটন্ত পানিতে এক ব্যক্তি মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। সাবেক স্ত্রী এ কাজ করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তির নাম মোক্তার হোসেন (৩৮)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পার্থ শঙ্কর পাল জানান, মোক্তারের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থা গুরুতর।
স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল সূত্রের ভাষ্য, মোক্তারের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি তৈরি পোশাক বিক্রি করেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মিরপুরের রূপনগরে থাকেন তিনি। বেশ কয়েক বছর আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মোক্তারের দাবি, গতকাল রোববার রাত ১০টার দিকে সাবেক স্ত্রী তাঁর রূপনগরের বাসায় আসেন। কারণ জানতে চাইলে ছেলেমেয়ের সঙ্গে দেখা করতে আসার কথা জানান তাদের মা। তিনি রাতে ছেলেমেয়েদের সঙ্গে ঘুমান। মোক্তার ঘুমান অন্য কক্ষে। ভোর চারটার দিকে ঘুমন্ত অবস্থায় মুখমণ্ডল ও শরীরে সাবেক স্ত্রী ফুটন্ত পানি ঢেলে দেন বলে অভিযোগ করেন মোক্তার। ঘটনার পর সাবেক স্ত্রী পালিয়ে যান।
মোক্তারের ছেলে বিজয় মাহমুদের (১৪) ভাষ্য, মা রাতে তাদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন।
স্বজনেরা বলেন, গুরুতর দগ্ধ অবস্থায় আজ ভোর ছয়টার দিকে মোক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে মোক্তারের সাবেক স্ত্রীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মোক্তারের স্বজনেরা জানান, এ ঘটনায় তাঁরা মামলা করবেন।