সাবেক স্বামীর ছুরিকাঘাতে শিক্ষিকা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার খসরুর মোড় এলাকায় গত বুধবার সন্ধ্যায় এক নারীকে (২৮) তাঁর সাবেক স্বামী নুর আলম ছুরিকাঘাত করেছেন। ঘটনার পরপরই পুলিশ ছুরিসহ নুর আলমকে আটক করে।

এ ঘটনায় ওই নারীর দাদা নূর আলমের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ওই নারী দিনাজপুরের বিরল উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বিদ্যালয় শেষে অন্য দিনের মতো গত বুধবার সন্ধ্যায় তিনি বাড়ি ফেরার পথে সদরের খসরুর মোড় এলাকায় এলে আগে থেকে ওত পেতে থাকা নুর আলম তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান বলেন, ওই এলাকায় থাকা কোতোয়ালি পুলিশের একটি টহল দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ছুরিসহ হামলাকারী নুর আলমকে আটক করে।