সাবেক স্বামীর বাড়িতে ছেলের লাশ ফেলতে গিয়ে মা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেড় বছরের ছেলের লাশ সাবেক স্বামীর বাড়িতে ফেলে যাওয়ার সময় রেনু বেগম নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার জারুইতলা ইউনিয়নের গাছতলা গ্রামে এ ঘটনা ঘটে।
রেনু বেগমের সাবেক স্বামী উমর আলী ও তাঁর পরিবারের লোকজন দাবি করেছেন, ছেলেটিকে হত্যার পর তাঁদের ফাঁসাতে রেনু বেগম লাশটি ওই বাড়িতে ফেলে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। নিহত শিশুটির বাবা উমর আলী।
পুলিশ জানিয়েছে, নিহত শিশুটির হাত-পায়ে বেঁধে রাখার কালো দাগ এবং বুকে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। তবে রেনু বেগম দাবি করেছেন, তাঁর ছেলে মোহাম্মদ আলী ‘মাটিতে হোঁচট’ খাওয়ার কারণে আঘাত পেয়ে মারা গেছে। তাঁর বর্তমান স্বামী খোকনের নির্দেশনা অনুযায়ী তিনি ছেলের লাশ সাবেক স্বামীর বাড়িতে নিয়ে আসেন।
এলাকাবাসী ও নিকলী থানা সূত্রে জানা গেছে, ২০০৭ সালে গাছতলা গ্রামের মেরাজ আলীর ছেলে উমর আলীর (৩৫) সঙ্গে একই উপজেলার গুরুই ইউনিয়নের চেত্রা গ্রামের আনছর আলীর মেয়ে রেনু বেগমের (৩০) বিয়ে হয়। তাঁদের ঘরে এক মেয়ে ও এক ছেলের জন্ম হয়। মেয়ে বৃষ্টির বয়স বর্তমানে সাত বছর।
আট মাস আগে উপজেলার সদর ইউনিয়নের কইব্বতহাটি গ্রামের খোকন মিয়া নামের এক অটোরিকশাচালকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন রেনু বেগম। একপর্যায়ে দুই সন্তানকে নিয়ে খোকনের সঙ্গে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে চলে যান। সেখানে খোকনের সঙ্গে রেনুর বিয়ে হয়।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে রেনু আগের স্বামী উমর আলীর বাড়িতে ছেলে মোহাম্মদ আলীর লাশ রেখে চলে যাচ্ছিলেন। এ সময় ওই বাড়ির লোকজন তাঁকে আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার এবং রেনু বেগমকে আটক করে।
পুলিশি হেফাজতে থাকা অবস্থায় রেনু বেগম প্রথম আলোকে বলেন, গত সোমবার সন্ধ্যায় শিশুটি মাটিতে হোঁচট খেয়ে আঘাত পেয়ে মারা যায়। বর্তমান স্বামী খোকনের কথামতো তিনি ছেলের লাশ আগের স্বামীর বাড়িতে রেখে আসতে গিয়েছিলেন।
উমর আলী অভিযোগ করেন, ‘রেনু ও তাঁর বর্তমান স্বামী মিলে আমার দেড় বছরের ছেলেকে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা বলেন, শিশুটির দুই হাত ভাঙা। হাত-পায়ে বেঁধে রাখার দাগ এবং বুকে আঘাতের চিহ্ন রয়েছে। রেনুকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। শিশুটির বাবা উমর আলীকে ফতুল্লা থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।