সাবেক স্বামীর হামলায় শিক্ষিকা আহত
চট্টগ্রামের সাতকানিয়ায় আজ শনিবার সাবেক স্বামীর হামলায় এক স্কুলশিক্ষিকা আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ওই নারী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে পাশের আরেক স্কুলে কক্ষ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন ওই শিক্ষিকা। পরীক্ষা শেষে তিনি হেঁটে বাবার বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁর সাবেক স্বামী আতাউল হক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। শিক্ষিকার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে আতাউল পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত স্কুলশিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্কুলশিক্ষিকার বড় ভাই মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১০ বছর আগে বাঁশখালী উপজেলার পুকুরিয়া এলাকার আতাউল হকের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক ও কারণে-অকারণে তাঁর বোনের ওপর নির্যাতন চালাতেন তিনি। নির্যাতন সহ্য করতে না পেরে গত দুই বছর ধরে তাঁর বোন বাবার বাড়িতেই থাকছেন। সম্প্রতি তালাকের কাগজ পাঠিয়েছেন তিনি।
এ ব্যাপারে ওই স্কুলশিক্ষিকার সাবেক স্বামীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই স্কুলশিক্ষিকা সম্প্রতি তাঁর স্বামীকে তালাক দিয়েছেন। তালাক দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আতাউল হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।