সাব-রেজিস্ট্রারকে হত্যার হুমকি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে খাজনার রসিদ ছাড়া জমির দলিল নিবন্ধন না করায় এক দলিল লেখক ও তাঁর সহযোগীরা উপজেলা সাব-রেজিস্ট্রারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাব-রেজিস্ট্রার অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান মণ্ডল অফিস সময়ের পর গত মঙ্গলবার সন্ধ্যায় শ্রীপুর মৌজার এক বিঘা জমির দলিল নিবন্ধন করতে সাব-রেজিস্ট্রার মো. জামিনুল হকের বাসভবনে যান। জমির খাজনা প্রদানের রসিদ ছাড়া সাব-রেজিস্ট্রার দলিল নিবন্ধন করতে অপারগতা প্রকাশ করলে শাহজাহান মণ্ডল গালাগাল করে বেরিয়ে যান। কিছুক্ষণ পর শাহজাহান ও তাঁর আরও দুই সহযোগী হকিস্টিক উঁচিয়ে সাব-রেজিস্ট্রারের বাসভবনে হামলা চালান। ওই সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নকলনবিশ ফারুক হোসেন রাতেই শাহজাহানকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন।
কয়েকজন দলিল লেখক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাব-রেজিস্ট্রার অতিরিক্ত টাকা ছাড়া কোনো কাজ করেন না। শাহজাহান মণ্ডল বলেন, ‘আমি সাব-রেজিস্ট্রারকে হত্যার হুমকি দিইনি। ফারুক হোসেনের সঙ্গে আমার সামান্য বাগ্বিতণ্ডা হয়েছে।’