সাভার-আশুলিয়ার পথে পথে ডাকাত আতঙ্ক
সোমবার রাত দেড়টা। ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে পণ্য নিয়ে একটি ট্রাক আসছিল সাভারের দিকে। বলিয়াপুর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত অন্য একটি ট্রাক নিয়ে ওই ট্রাকটির গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে ট্রাকের চালক ও তাঁর সহকারীকে নিজেদের ট্রাকে তুলে নিয়ে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ফেলে দেয়। আর পণ্যবাহী ট্রাক নিয়ে হাওয়া হয়ে যায়।
এভাবে প্রায়ই পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ছিনতাইয়ের ঘটনা ঘটছে ঢাকা-আরিচা ও নবীনগর-কালিয়াকৈর সড়কে। সাভার ও আশুলিয়া থানার তথ্য অনুযায়ী, গত তিন মাসে অন্তত আটটি ডাকাতির ঘটনা ঘটেছে এ দুই সড়কে। তবে স্থানীয় ব্যক্তিরা জানান, ওই সময়ে অন্তত ১৫টি ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার রাতে ছিনতাই হওয়া ট্রাকের চালক উজ্জ্বল হোসেন বলেন, রাত সোয়া একটার দিকে গাবতলী টার্মিনাল পার হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ওঠার পরপরই একটি খালি ট্রাক তাদের পিছু নেয়। রাত দেড়টার দিকে আমিনবাজার ও বলিয়ারপুরের মাঝামাঝি স্থানে খালি ট্রাক দিয়ে তাঁদের ট্রাকের গতিরোধ করে এর নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনায় বুধবার ট্রাকমালিকের পক্ষ থেকে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, পণ্যবাহী ট্রাক ছিনতাই চক্রের সদস্যদের একটি দল মহাসড়কের কোনো ফাঁকা স্থানে খালি ট্রাক নিয়ে অপেক্ষা করে। তারা সরাসরি ছিনতাই কাজে অংশ নেয়। অপর একটি দল প্রাইভেট কার নিয়ে মহাসড়কে টহল পুলিশের গতিবিধি লক্ষ৵ করে। আর একটি দলের একাধিক সদস্য গাবতলী, নবীনগর ও বাইপাইলসহ বিভিন্ন স্ট্যান্ডে অবস্থান নিয়ে অগ্রবর্তী দলকে ট্রাকের আগাম তথ্য দেয়। এরপর পরিবেশ অনুকূলে থাকলে খালি ট্রাকের সহায্যে র্যারিকেড দিয়ে পণ্যবাহী ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ওই কর্মকর্তা আরও জানান, তিন মাসে ছিনতাই হওয়া ট্রাকগুলোর বেশির ভাগই রড, চাল ও চিনির।
সাভার বাজারের ব্যবসায়ী জনা হালদার বলেন, মাস খানেক আগে আশুলিয়ার কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আদায় করে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে মোটরসাইকেলে করে তিনি সাভার ফিরছিলেন। সন্ধ্যা সাতটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল গেট পার হওয়ার পরপরই অন্য একটি মোটরসাইকেলে করে এসে তিন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এরপর তাঁর কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
সাভার ও আশুলিয়া থানায় কর্মরত কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে বলিয়ারপুর, সিঅ্যান্ডবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিশমাইল ও নবীনগর-কালিয়াকৈর সড়কের গণকবাড়ি, বলিভদ্র ও জিরানী থেকে চন্দ্রা পর্যন্ত এলাকায় ডাকাতদের উৎপাত সবচেয়ে বেশি। প্রতি রাতে সড়ক দুটিতে পুলিশের একাধিক দল টহলে থাকার পরও ডাকাতির ঘটনা ঘটছে।
সাভার বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও আবদুর রাজ্জাকসহ কয়েকজন বলেন, মহাসড়কে ডাকাতের উৎপাতে পণ্য পরিবহন কঠিন হয়ে পড়েছে। পণ্য পরিবহন করতে গিয়ে জানমালের ক্ষতির আশঙ্কা থাকে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম বলেন, তিন মাসে আশুলিয়া থানা এলাকায় রড, চাল ও কাপড়সহ ছয়টি পণ্যবাহী ট্রাকে ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় মালামাল উদ্ধারসহ কয়েকজন ডাকাতকেও গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, ডাকতি রোধে মহাসড়কে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে কয়েকজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্য ডাকাতদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।