ঢাকার আশুলিয়ার জামগড়া ও সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে গতকাল শুক্রবার অপহৃত এক প্রকৌশলী ও এক কলেজছাত্রকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।
অভিযানের সময় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হয়েছেন সাতজন।
উদ্ধার ব্যক্তিরা হলেন প্রকৌশলী আমান উল্লাহ নূর (২৬) এবং কলেজছাত্র সোহাগ রানা (২৩)। আমান উল্লাহর বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের ফাড়াবাড়ি গ্রামে। তিনি গাজীপুরের টঙ্গীর আদি করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের প্রকৌশলী। সোহাগের বাড়ি মাগুরার সালিথার পিপরুল গ্রামে। তিনি ফুলবাড়িয়া এলাকার একটি মেসে থেকে মিরপুর বাঙলা কলেজে পড়ালেখা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহসিন আলম, মিজানুর রহমান, রাহুল, আলমগীর হোসেন, মারুফ, মনির হোসেন ও সুমন হাওলাদার। তাঁদের মধ্যে মহসিন, মিজানুর, রাহুল ও আলমগীর পায়ে গুলিবিদ্ধ হন। তাঁদের সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আমান উল্লাহ বলেন, তিনি গতকাল সকাল ১০টার দিকে টঙ্গী থেকে বিআরটিসির একটি বাসে ওঠেন। বাসে অপহরণকারী চক্রের এক সদস্য তাঁর মুখে ও নাকে স্প্রে করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। তাঁকে আশুলিয়ার জামগড়া এলাকার আবদুস সাত্তারের বাড়ির ভাড়াটে রাহুলের বাসায় নেওয়া হয়। পরে চক্রের সদস্যরা পরিবারের সদস্যদের মুঠোফোন নম্বর নিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তাঁর মা আরিফা খাতুন বিকাশে দুই দফায় ২৫ হাজার টাকা পাঠান। বিষয়টি র্যাব-১০-এর সদস্যদের জানানো হয়।
র্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, আমান উল্লাহর অবস্থান নিশ্চিত হয়ে গতকাল রাত আটটার দিকে তাঁরা সাত্তারের বাড়ি ঘিরে ফেলেন। টের পেয়ে অপহরণকারী দলের সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি করেন। র্যাব পাল্টা গুলি চালালে ওই চারজন গুলিবিদ্ধ হন। তাঁদেরসহ অপর দুজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে র্যাব-৪-এর সাভার ক্যাম্পের কর্মকর্তা মেজর আব্দুল হাকিম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়িয়া থেকে সোহাগকে অপহরণ করেন সুমন ও তাঁর সঙ্গীরা। পরে তাঁর পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি র্যাবকে জানানো হলে বেলা সাড়ে তিনটার দিকে রাজ ফুলবাড়িয়া এলাকার মমতাজ নামের একজনের মালিকানাধীন বাড়ির সামনে থেকে সোহাগকে উদ্ধার করা হয়। এ সময় সুমনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যান।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় সোহাগ থানায় মামলা করেছেন।