সাভার ও আশুলিয়ায় ১০ দিনে পাঁচটি অপহরণের ঘটনা
মামুন ও সুমন নামের দুই ব্যবসায়ী গত বুধবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে তাঁদের তুলে নেয়। পরে তাঁদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে দুজনকে ছেড়ে দেয়। ঢাকার সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় গত ১০ দিনে এ নিয়ে অন্তত পাঁচটি অপহরণের ঘটনা ঘটল।
র্যা ব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক মাসুদুর রহমান বলেন, ঈদ সামনে রেখে অপহরণের ঘটনা বেড়েছে। টাকা পেলেই অপহৃতদের ছেড়ে দেয় দুর্বৃত্তরা। অপরাধীদের ধরতে তৎপরতা অব্যাহত আছে।
মামুন ও সুমন আশুলিয়ার বিভিন্ন এলাকায় মুঠোফোনের দোকানে ফোন আর যন্ত্রাংশ সরবরাহ করেন। মামুনের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার কইজুরী গ্রামে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাভার পৌর এলাকার ওয়াপদা রোডে থাকেন। আর সুমন থাকেন পুরান ঢাকায়।
মামুনের ভাষ্য অনুযায়ী, মাইক্রোবাসে তোলার পরপরই তাঁদের হাত-পা আর চোখ-মুখ বেঁধে নির্যাতন করা হয়। পরে তাঁদের মুঠোফোন দিয়ে পরিবারের কাছে কল করে হত্যার হুমকি দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। ১ লাখ ৬৪ হাজার টাকা মুক্তি আদায় করে গতকাল বৃহস্পতিবার ভোরে সুমনকে ও বেলা একটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মামুনের স্ত্রী রুমা বেগম বলেন, রাত সাড়ে ১২টার দিকে তাঁর স্বামীকে অপহরণের কথা জানিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এরপর তিনি সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার চেষ্টা করেন। কিন্তু থানার কর্তব্যরত কর্মকর্তা কোনোটাই নেননি।
গত মঙ্গলবার সাভার পৌর এলাকার ইমান্দিপুর থেকে অপহৃত হয় মনিরুজ্জামান (৭) ও বিল্লাল হোসেন (৩) নামের দুই সহোদর। তাদের বাবা আবদুল মোমিন জানান, বেলা তিনটার দিকে তাঁর ছেলেরা বাসার পাশের দোকানে চকলেট কিনতে গেলে প্রতিবেশী সবুজ তাদের অপহরণ করে হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ওই দিনই তিনি থানায় জিডি করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক কবীর হোসেন জানান, গতকাল সকালে দুই ভাইকে সাভারে নিয়ে এসে রিকশাযোগে বাড়ি পাঠিয়ে দেয় সবুজ। এরপর অভিযান চালিয়ে ভাকুর্তার আউয়াল মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
একই দিন বেলা ১১টার দিকে সাভারের ফিরিঙ্গিকান্দা বাহেরচর গ্রাম থেকে অপহৃত হয় শফিকুল ইসলামের তিন বছরের ছেলে মানিক হোসেন। বাসার পাশের দোকান থেকে তাকে অপহরণ করা হয়। তাকে ছেড়ে দেওয়ার জন্য দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা।
শফিকুল ইসলাম অভিযোগ করেন, ছেলেকে না পেয়ে ওই দিন তিনি সাভার মডেল থানায় জিডি করেন। কিন্তু এখন পর্যন্ত তাঁর সন্তানকে উদ্ধারে কোনো তৎপরতা চালায়নি পুলিশ।
গত সোমবার আশুলিয়ার চানগাঁও এলাকা থেকে অপহৃত হয় আবদুর রশীদের তিন বছরের মেয়ে রিমি। অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বুধবার সকালে নরসিংদীর মাধবদী থেকে শিশুটিকে উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ।
এর আগে ২৩ জুন নবীনগর বাসস্ট্যান্ড থেকে অপহৃত হন মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশীদ (৭৩) ও ইউপি সদস্য রোকেয়া বেগম (৬০)। পরদিন সাভারের রেডিও কলোনির একটি বাসা থেকে তাঁদের উদ্ধার করে পুলিশ।
মামুনের অপহরণের ঘটনায় জিডি বা মামলা না নেওয়া এবং শিশু মানিককে উদ্ধারে পুলিশ কোনো তৎপরতা না চালানোর বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘আমি দেখতেছি।’