সাভার ও ধামরাইয়ে চার কিমি অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার কিলোমিটার অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ করেছে। এসব লাইনের আওতায় অন্তত এক হাজার পরিবার চুলা ব্যবহার করে আসছিল।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা গেছে, আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে দুই ইঞ্চি ব্যাসার্ধের ৩০০ ফুট এবং এক ইঞ্চি ব্যাসার্ধের ৪০০ ফুট অবৈধ লাইন অপসারণ করা হয়েছে। একই সময়ে ধামরাইয়ের স্বর্ণখালী ও ইকুরিয়া এলাকায় দুই ইঞ্চি ব্যাসার্ধের ১ হাজার ২০০ ফুট এবং এক ইঞ্চি ব্যাসার্ধের ৩৫০ ফুট অবৈধ লাইন অপসারণ করা হয়।
এর ফলে প্রায় চার কিলোমিটার এলাকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ফাহাদ পারভেজ বসু মিয়া এবং ধামরাইয়ে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম শামীম রহমান।
গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কমিটির প্রধান।
স্থানীয় সূত্র ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ধামরাই ও সাভারের প্রায় ২৫ হাজার অবৈধ গ্যাসলাইন রয়েছে। এরপরও প্রায় প্রতিদিনই অবৈধ গ্যাসলাইন নির্মাণের কাজ চলছে। আশুলিয়ায় পুলিশের একাধিক কর্মকর্তার বাড়িতেও গ্যাসের অবৈধ সংযোগ রয়েছে। অনেক এলাকায় প্রভাবশালী লোকজন অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কাছ থেকে বিলের নামে নিয়মিত মাসোহারা আদায় করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মাস খানেক আগে সাভারের আমিনবাজারের চানপুর এলাকায় অন্তত ৭০০ বাড়িতে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। সম্প্রতি সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক এলাকাবাসীর হাতে লাঞ্ছিত হয়েছেন।
এ ছাড়া অবৈধ গ্যাসলাইন নির্মাণের কাজ চলছে আশুলিয়ার পলাশবাড়ী ও জামগড়ার নয়াপাড়া এলাকায়। বাড়িপ্রতি ৩০ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে প্রভাবশালী ব্যক্তিরা এসব সংযোগের ব্যবস্থা করে দিচ্ছেন।
আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ও উপপরিদর্শক (এএসআই) ফরিদ আহাম্মেদের বাড়িসহ ওই এলাকার পাঁচ শতাধিক বাড়িতে অবৈধ সংযোগ রয়েছে বলে জানা গেছে।
যোগাযোগ করা হলে গতকাল রাতে বদরুল আলম অবৈধভাবে গ্যাসের সংযোগ নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘সম্প্রতি আমি নিজে ওই সংযোগ বিচ্ছিন্ন করেছি।’
কাইচাবাড়ী এলাকার অবৈধ গ্যাস ব্যবহারকারী কয়েকজন জানান, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের কাছ থেকে গ্যাস বিলের নামে মাসে ৩০০ টাকা হারে চাঁদা আদায় করছেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁদের পুলিশ দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, নিয়মিত অবৈধ গ্যাসলাইন নির্মাণের কাজ চললেও তিতাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে গত দুই মাসে পুলিশের পক্ষ থেকে অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে তাঁর থানায় অন্তত সাতটি মামলা করা হয়েছে।
তিতাস গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মোকছেদুর রহমান বলেন, গতকাল অভিযান চালিয়ে প্রায় চার কিলোমিটার এলাকার অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। পুলিশ ও নির্বাহী হাকিম পাওয়া গেলে আরও উচ্ছেদ অভিযান চালানো হবে।
অবৈধভাবে নতুন লাইন নির্মাণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ ও নির্বাহী হাকিমের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।
তবে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লা প্রথম আলোকে বলেন, গত সোমবার গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যে গঠিত উপজেলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউএনও কামরুল হাসান মোল্লা আরও বলেন, তিতাস কর্তৃপক্ষ যখন চাইবে, তখনই নির্বাহী হাকিম ও পুলিশ দিয়ে সহযোগিতা করা হবে।