সাভার পৌর মেয়রের বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহর বাসায় গত মঙ্গলবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে।
মেয়র রেফাত পৌর বিএনপির সভাপতি। সাভার মডেল থানায় নাশকতার মামলায় সম্প্রতি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে চারটার দিকে একদল ডাকাত পৌর এলাকার উলাইল মহল্লায় মেয়রের বাসায় হানা দেয়। কলাপসিবল গেট ও চারটি দরজা ভেঙে ডাকাতের দল বাড়ির দ্বিতীয় তলায় মেয়রের কক্ষে ঢোকে। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর স্ত্রীকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে গতকাল বুধবার মেয়রের স্ত্রী সাবিনা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ডাকাতেরা আলমারি ভেঙে ৪০ ভরি স্বর্ণের অলংকার ও প্রায় চার লাখ টাকা লুটে নিয়ে গেছে। এ সময় তাঁর ছেলে তরিকুল ইসলাম পাশের কক্ষ থেকে চিৎকার করলে ডাকাতেরা ওই কক্ষে গিয়ে তাঁকে মারধর করে।
তরিকুল বলেন, ডাকাত দলে অন্তত ২০ জন ছিল। তাদের কাছে একটি পিস্তল ছাড়াও ধারালো অস্ত্র ছিল। তিনি বলেন, ঘটনার পর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁরা সাভার মডেল থানায় মামলা দায়েরের চেষ্টা করেছেন। কিন্তু পুলিশ নানা অজুহাতে মামলা নেয়নি।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।