সাভার বাসস্ট্যান্ডে আবার চাঁদাবাজি
ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহন থেকে আবারও চাঁদা আদায় করা হচ্ছে। পুলিশ ও প্রভাবশালী ব্যক্তিদের নামে এ চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিবহনশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসস্ট্যান্ড এলাকায় মনসুর মার্কেটের সামনে ৭৭টি মাইক্রোবাস থেকে গাড়িপ্রতি মাসে ৫০০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। মনসুর মার্কেট স্ট্যান্ড মাইক্রোবাস মালিক সমিতির কর্মকর্তা কামরুল ইসলাম মাসের শেষে চালকদের কাছ থেকে এ চাঁদা আদায় করেন। এ ছাড়া কোনো মালিক ওই স্ট্যান্ড ব্যবহার করতে চাইলে তাঁকে ওই সমিতিকে এককালীন ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। অথচ গাড়ি রাখা হয় মহাসড়কের ওপর।
জানতে চাইলে মালিক সমিতির সভাপতি মোসলেম উদ্দিন বলেন, পুলিশি ঝামেলা এড়াতে প্রতি মাসে এ চাঁদা আদায় করা হয়। মাসের শেষে সাভার মডেল থানাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের হাতে চাদার টাকা পৌঁছে দেওয়া হয়।
ধসে পড়া রানা প্লাজার সামনে ৪০টি ব্যক্তিগত গাড়ি থেকে বিভিন্ন হারে চাঁদা আদায় করা হয়। গাড়ির মালিক ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন একেকটি গাড়ি থেকে ৩০ টাকা হারে চাঁদা আদায় করেন ইমরান নামে এক যুবক। তিনি যুবলীগের এক নেতার ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দেন। আর পুলিশের নামে আদায় করা হয় মাসে ২৫০ টাকা হারে। পুলিশের কথা বলে চাঁদা আদায় করেন মফিজ উদ্দিন নামের এক পরিবহনশ্রমিক। তিনি নিজেকে এক পুলিশ কর্মকর্তার আত্মীয় পরিচয় দেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চালক বলেন, টাকা না দিলে ইমরান তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আর মফিজ পুলিশ দিয়ে হয়রানির ভয় দেখান। মফিজ বলেন, ঝামেলা এড়াতে সাভার মডেল থানার পুলিশকে স্ট্যান্ড থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা চাঁদা দিতে হয়।
ইমরান বলেন, তিনি চাঁদা আদায় করেন সাভার পৌরসভা থেকে ইজারা নিয়ে। তবে পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মো. ছামসুদ্দিন বলেন, যানবাহন থেকে টোল আদায়ের জন্য পৌরসভা থেকে কোনো ইজারা দেওয়া হয়নি।
নিউমার্কেট এলাকায় ৬০টি ইজিবাইক থেকে প্রতিদিন ৩৫ টাকা হারে চাঁদা আদায় করা হয়। আশরাফ নামের এক যুবক এ চাঁদা আদায় করেন। মাশরুম সেন্টারের সামনে সাভার-আবদুল্লাহপুর রুটে চলাচলকারী ম্যাক্সি ও মিনিবাস থেকে প্রতিদিন চাঁদা আদায় করা হয় ৭০ টাকা হারে। ওই সব যানবাহনের শ্রমিকেরা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি রাখা হলেও মাহমুদুল নামের এক ব্যক্তি পার্কিংয়ের কথা বলে তাঁদের কাছ থেকে চাঁদা নেন।
মাহমুদুল মালিক সমিতির নামে চাঁদা আদায় করার কথা স্বীকার করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মালিকেরা বলেন, তাঁরা কেউই ওই চাঁদার টাকা পান না। সরকারি দলের এক নেতার ভয় দেখিয়ে মাহমুদুল নিয়মিত চাঁদা আদায় করেন।
এ ছাড়া নামাবাজার রোডের ইজিবাইক থেকেও বাসস্ট্যান্ড এলাকায় চাঁদা আদায় করা হয়। বাসস্ট্যান্ড থেকে নামাবাজারের মধ্যে চলাচলকারী ১৫০টি ইজিবাইক থেকে প্রতিদিন ৫০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। এ ছাড়া চলাচলের অনুমতির জন্য প্রতিটি গাড়িকে মাসে আরও দিতে হয় ২০০ টাকা করে। ইজিবাইকের কয়েকজন চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, রানা নামের এক ব্যক্তি তাঁদের কাছ থেকে চাঁদা আদায় করেন। তবে কথা বলার জন্য গত কয়েক দিনে রানাকে পাওয়া যায়নি। তিনি দিনের কোনো এক সময় চাঁদা আদায় করে চলে যান বলে শ্রমিকেরা জানান।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, চাঁদাবাজদের ধরতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান শুরু হচ্ছে। তিনি বলেন, পুলিশের কথা বলে কেউ চাঁদা আদায় করলেও পুলিশ এর সঙ্গে জড়িত নয়।
মাস তিনেক আগে সাভার বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহন থেকে ব্যাপক চাঁদাবাজি করা হয়। তখন এ বিষয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছিল।