সাভার বাসস্ট্যান্ডে উচ্ছেদ অভিযানে বাধা, ভাঙচুর
হকারদের মারমুখী আচরণের কারণে গতকাল বুধবার ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে পারেনি স্থানীয় প্রশাসন। বিক্ষুব্ধ হকাররা সড়ক অবরোধ করে অর্ধশত যানবাহন ভাঙচুর করেন। এ সময় পুলিশের সঙ্গে হকারদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় সাংসদ হকারদের আবার দোকান বসানোর অনুমতি দেন।
এদিকে সন্ধ্যার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আকস্মিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বেপরোয়া উচ্ছেদ অভিযানের কারণে সওজের কল্যাণপুর উপবিভাগীয় প্রকৌশলী সামসুজ্জোহাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন। এ ছাড়া ঘটনা তদন্তে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দেন।
সাভার উপজেলা প্রশাসন ও পৌরসভা সূত্র জানায়, পৌরসভা থেকে চলতি বাংলা সনের জন্য সাভার বাসস্ট্যান্ড কাঁচাবাজার নামে একটি মহাল ইজারা দেওয়া হয়। তবে ইজারা নেওয়ার পর প্রভাবশালী একটি মহল বাসস্ট্যান্ড-সংলগ্ন পায়ে হাঁটার রাস্তাসহ ওই রাস্তাসংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) খালি জায়গায় কয়েক হাজার অবৈধ দোকান বসায়। এর পর থেকে তারা প্রতিটি দোকান থেকে ইজারার নামে দৈনিক ৫০ থেকে ২০০ টাকা হারে চাঁদা আদায় করছে।
স্থানীয়রা জানান, বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে পথচারী, পরিবহন শ্রমিক ও যাত্রীদের নিয়মিত দুর্ভোগের শিকার হতে হয়। বাসস্ট্যান্ড এলাকায় যানজটেরও সৃষ্টি হয় এসব দোকানের কারণে। পূজা ও ঈদের আগে দুর্ভোগ আরও বেড়ে গেছে।
সাভার মডেল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূজা ও ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার পাশাপাশি বাসস্ট্যান্ড এলাকা যানজটমুক্ত রাখতে গতকাল বেলা তিনটার দিকে উপজেলা প্রশাসন ও সওজ কর্তৃপক্ষ যৌথভাবে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পায়ে হাঁটার রাস্তা ও সওজের জায়গায় নির্মিত কয়েক শ অবৈধ দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্যা। এর পর হকাররা বিকেল চারটার দিকে বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
কয়েকজন পুলিশ হকারদের সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করলে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। এ সময় হকারদের সঙ্গে পুলিশের কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে হকাররা মহাসড়কে থেমে থাকা অন্তত ৪০টি যানবাহন ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হকার্স লীগের ইন্ধনে হকাররা সড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর করেন। এ সময় পুলিশকে দায়সারা গোছের দায়িত্ব পালন করতে দেখা যায়।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে স্থানীয় সাংসদ এনামুর রহমান বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে হকারদের আগের মতো হাঁটার রাস্তা ও রাস্তাসংলগ্ন সওজের জমিতে দোকান বসানোর অনুমতি দিলে হকাররা অবরোধ তুলে নেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
হকার খোকন মীর, মোহাম্মদ সাগর ও সোলেমান বলেন, সরকারি জায়গা হলেও দীর্ঘদিন ধরে তাঁরা ভাড়া দিয়ে সেখানে ব্যবসা করে আসছেন। দিন শেষে হকার্স লীগের লোকজন এসে তাঁদের কাছ থেকে দোকানপ্রতি ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করে থাকেন। এই টাকা পুলিশসহ সরকারি দলের নেতাদের পকেটেও যায় বলে তাঁরা জানান। সাভার পৌর হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক নেতা আতাউর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হকার্স লীগ ও হকার্স সমিতি সাধারণ হকারদের কোনো ইন্ধন দেয়নি। তাঁরা নিজেরাই সড়ক অবরোধ করেছিলেন। তবে গাড়ি ভাঙচুর করেননি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঈদের আগে হকার উচ্ছেদে অভিযান চালানোর কারণে তাঁরা সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেন। তবে পুলিশের সঙ্গে হকারদের তেমন কিছু হয়নি বলে তিনি দাবি করেন। অভিযানের বিষয়টি কোনো পক্ষ থেকেই তাঁদের জানানো হয়নি বলে তিনি জানান।
ইউএনও কামরুল হাসান মোল্যা বলেন, বাসস্ট্যান্ড এলাকার অবৈধ দোকানপাটের কারণে জনসাধারণ হেঁটে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হয়। প্রায় সময়ই যানজট লেগে থাকে মহাসড়কে। পথচারীরা বাসস্ট্যান্ড এলাকার দুটি ফুটওভার ব্রিজও ব্যবহার করতে পারেন না। তিনি বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে গতকাল উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে হকাররা মারমুখো হয়ে উঠলে তা বন্ধ রাখা হয়।