সাভার মডেল থানার উপপরিদর্শককে প্রত্যাহার
জুয়াড়িদের আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে ঢাকার সাভার মডেল থানার এক কর্মকর্তাকে প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে ওই ঘটনায় জড়িত অপর কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গত সোমবার রাতে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও সহকারী উপরিদর্শক (এএসআই) নইমুল ইসলাম বাজার রোডের একটি বাসায় অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করেন। এ সময় তল্লাশি চালিয়ে তাঁরা চার বোতল বিদেশি মদও উদ্ধার করেন। এরপর এক লাখ টাকার বিনিময়ে তাঁদের ছেড়ে দিয়ে ওই মদ নিয়ে যায়। কিন্তু পরে তা উদ্ধার হিসেবে দেখানো হয়নি। গতকাল প্রথম আলোতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়ায় ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে গতকাল এসআই মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়। তবে এএসআই নইমুল ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, এসআই মাসুদুরের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত করে এএসআই নইমুলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।