সাভারে অজ্ঞাত একজনসহ দুই লাশ উদ্ধার
ঢাকার সাভারে পৃথক দুই স্থান থেকে এক যুবকসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁদের একজনের পরিচয় পাওয়া যায়নি।
সাভার মডেল থানার পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত একটার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ হোসেন বলেন, সম্ভবত যানবাহনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে গতকাল সকাল ১০টার দিকে সাভারের শ্যামলাসি এলাকা থেকে জসিম উদ্দিন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শ্যামলাসি গ্রামের মঈনুল হকের ছেলে।
মঈনুল হক বলেন, এলাকাবাসীর কাছে ওই এলাকার নূরুল হকের নির্মাণাধীন বাড়ির পাশে জসিমের লাশ পড়ে আছে বলে জানতে পারেন। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হয়েছে সে ব্যাপারে এলাকাবাসী কোনো তথ্য দিতে পারেনি।
সাভার মডেল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, জসিমের মৃত্যু স্বাভাবিক বলে মনে হয়নি। তবে তাঁকে হত্যা করা হয়েছে প্রাথমিক তদন্তে এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।