ঢাকার সাভার পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মুন্নি খানের বিরুদ্ধে পৌরসভার অনুদানের প্রলোভন দিয়ে চার শতাধিক নারী-পুরুষের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল ফিতরের আগে মুন্নি খান পৌরসভার কোঠবাড়ি, বক্তারপুর, আড়াপাড়া, কামাল রোডসহ আরও কয়েকটি এলাকার চার শতাধিক নারী-পুরুষের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা চাঁদা নেন। ঈদের বন্ধের পরপরই পৌরসভা থেকে অনুদান দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে এ চাঁদা আদায় করা হয়। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত কেউ অনুদানের টাকা পাননি।
বক্তারপুরের সিমু আক্তার বলেন, ব্যবসার জন্য সাত হাজার টাকা অনুদান দেওয়ার কথা বলে মুন্নি খান তাঁর কাছ থেকে ৫০০ টাকা চাঁদা নেন। একই এলাকার কনা আক্তার বলেন, তাঁর অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেকে শিক্ষাবৃত্তি ও তাঁকে (কনা) ব্যবসার জন্য অনুদান দেওয়ার কথা বলে এক হাজার টাকা চাঁদা নেন মুন্নি খান ও তাঁর লোকজন।
বক্তারপুরের আমিরুন বেগমসহ নাম প্রকাশে অনিচ্ছুক কোঠবাড়ি ও আড়াপাড়া এলাকার আরও কয়েকজন বলেন, বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসার পর মুন্নি খান এবং তাঁর লোকজন বাড়ি বাড়ি গিয়ে তাঁদের এ বিষয়ে মুখ না খুলতে অনুরোধ করেছেন।
গত বৃহস্পতিবার মুন্নি খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চাঁদা নেওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ইউএনডিপির বিভিন্ন কর্মসূচির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন, যা পৌরসভার মাধ্যমে পৌর এলাকার কয়েকটি মহল্লায় বাস্তবায়ন করে থাকেন। এর অংশ হিসেবে বেশ কিছু উপকারভোগীকে অনুদান দেওয়া হচ্ছে। তবে এ জন্য কারও কাছ থেকে চাঁদা নেওয়া হয়নি।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আবদুল গনি বলেন, পৌরসভায় এমন কোনো প্রকল্প নেই, যে প্রকল্প থেকে ব্যবসার জন্য অনুদান দেওয়া হয় কিংবা হবে। তিনি আরও বলেন, পৌরসভা বা পৌরসভার কোনো প্রকল্পের সঙ্গে মুন্নি খানের সংশ্লিষ্টতা নেই। তাই তাঁর কোনো কর্ম এলাকা থাকার প্রশ্নই আসে না।
স্থানীয় সাংসদ এনামুর রহমানকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুন্নি খান দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তিনি কোনো অপরাধ করলে তা আওয়ামী লীগের গায়ে লাগবে। তাই তাঁকে কোনো ছাড় দেওয়া হবে না।