নদীতে ডুবিয়ে হত্যা করা দুই ছাত্রের একজনের লাশ উদ্ধার
সাভারে অপহরণের পর হাত-পা বেঁধে নদীতে ডুবিয়ে হত্যা করা দুই কলেজছাত্রের একজনের মরদেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম মনির হোসেন। আজ রোববার বিকেল চারটার দিকে বংশী নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মনিরের চাচা মোক্তার আলী লাশ শনাক্ত করেন। মনির মানিকগঞ্জের খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
সাভার থানার উপপরিদর্শক নাসির উদ্দিন শেখ বলেন, নিহত দুজনের আরেকজন হলো সাভার বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুনসের আলী। তাঁর মরদেহ না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।
নিহত দুই কলেজছাত্রের একজনের পরিবার অভিযোগ করেছে, অপহরণ করার পর থেকেই অপহরণকারী চক্র তাঁদের কাছে মুক্তিপণ চাইছিল। এ ব্যাপারে সাভার থানায় মামলা করতে গেলে পুলিশ নিখোঁজ-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে বিদায় করে দেয়।
রঙের কাজ করানোর কথা বলে ডেকে নিয়ে হত্যা করা ছাত্রটি হলো মুনসের আলী। সে সাইনবোর্ড, ব্যানার—এসব লিখত। আর চাকরি দেওয়ার কথা বলে হত্যা করা হয় মনির হোসেনকে। তাঁদের হাত-পা বেঁধে কংক্রিটের চাঁইয়ে বেঁধে নদীতে ডুবিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় সাভারের বিভিন্ন স্থান থেকে গত শুক্রবার রাতে অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করার পর তাঁরা পুলিশকে এসব তথ্য দিয়েছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি এনে সাভারের বংশী নদী থেকে ওই দুই ছাত্রের লাশ উদ্ধারের চেষ্টা চালানো হয়।
আরও পড়ুন: