সাভারে এক ব্যক্তির আত্মহত্যা, স্ত্রী গ্রেপ্তার
রাজধানীর উপকণ্ঠ সাভারের বক্তারপুর এলাকায় শহীদুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি বিপণিবিতান থেকে পুলিশ গতকাল বুধবার সকালে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মৃত্যুর আগে তিনি এক খোলা চিঠিতে আত্মহত্যার জন্য তাঁর স্ত্রী, শাশুড়ি এবং স্ত্রীর বড় বোনকে দায়ী করে গেছেন।
এ ঘটনায় শহীদুলের মা হালিমা বেগম আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গতকাল সাভার মডেল থানায় মামলা করেছেন। মামলায় শহীদুলের স্ত্রী সাকিলা আক্তার, সাকিলার বড় বোন আলেয়া ফেরদৌসী এবং শাশুড়ি দেলোয়ারা বেগমসহ (৬০) সন্দেহভাজন আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ সাকিলাকে গ্রেপ্তার করেছে। শহীদুল ঢাকার আশুলিয়ার ভাদাইল গ্রামের শামসুল হকের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সাভার পৌর এলাকার বক্তারপুরে থাকতেন।
সাভার মডেল থানার পুলিশ ও শহীদুলের পরিবার সূত্রে জানা গেছে, অভাবের কারণে বছর পাঁচেক ধরে স্ত্রী সাকিলার সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। এসব নিয়ে পারিবারিক কলহের জের ধরে দুই মাস ধরে শহীদুলের সঙ্গে তাঁর পরিবারের কোনো যোগাযোগ ছিল না। সর্বশেষ ১৯ অক্টোবর রাতে মুঠোফোনে স্ত্রীর সঙ্গে শহীদুলের কথা হয়। এর দুই দিন পর গতকাল সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকার মনসুর বিপণিবিতানের দ্বিতীয় তলার খান রেন্ট-এ-কারের কার্যালয় থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ওই কার্যালয় থেকে পাঁচ পাতার একটি খোলা চিঠি উদ্ধার করে।
চিঠিতে আত্মহত্যার কারণ বর্ণনা করতে গিয়ে লেখা হয়েছে, ‘যখন আমার টাকা ছিল, তখন সবাই আমাকে ভালোবাসত। যখন আমার টাকা শেষ হয়ে যায়, তখন সবাই আমাকে দূর দূর করে বাসা থেকে বের করে দেয়।’ আরও উল্লেখ করা হয়েছে, টাকার জন্য স্ত্রী, স্ত্রীর বড় বোন এবং শাশুড়ির কাছে নানাভাবে অবহেলার শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন তিনি।
তবে সাকিলা আক্তার প্রথম আলোকে বলেন, উভয় পরিবারের সম্মতিতে ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের ১০ বছর পর স্বামী টাকার জন্য তাঁকে নানাভাবে চাপ দিতে থাকেন। স্বামীর কথামতো তিনি বাবার বাড়ি থেকে এক লাখ ৬০ হাজার টাকা এনে দেন। ওই টাকায় ২০১০ সালে তিনি (শহীদুল) প্রাইভেটকার কিনে সাভার বাসস্ট্যান্ড এলাকায় রেন্ট-এ-কারের ব্যবসা শুরু করেন। কয়েক বছরের মধ্যে ওই ব্যবসায় লোকসানে পড়ে গাড়িটি বিক্রি করে ফেলেন। পরে শহীদুল ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ পরিশোধের জন্য সাকিলাকে আবার চাপ দিতে থাকেন শহীদুল। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় শহীদুল তাঁর বাবার বাড়ির লোকজনসহ সাকিলার ওপরও প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন। মৃত্যুর দুই মাস আগে থেকে শহীদুল সাকিলাদের বাসায় যাওয়া বন্ধ করে দেন। এমনকি বাসায় কোনো খরচও দিতেন না।
খান রেন্ট-এ-কারের মালিক মোয়াজ্জেম হোসেন খান বলেন, কোরবানির ঈদের পর থেকে শহীদুলই তাঁর ব্যবসা দেখাশোনা করতেন। গতকাল সকালে বিপণিবিতানের নৈশ প্রহরীদের কাছ থেকে জানার পর তিনি ঘটনাস্থলে যান। সাভার থানাকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শহীদুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আগে খোলা চিঠিতে শহীদুল আত্মহত্যার জন্য তাঁর স্ত্রী, শাশুড়ি এবং স্ত্রীর বড় বোনকে দায়ী করলেও ঋণগ্রস্ত হয়ে তিনি অনেকটা মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। সম্ভবত এ কারণেই তিনি আত্মহত্যা করেন। এর পরেও মামলার কারণে তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।