সাভারে এসআইয়ের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে একটি ইটভাটার ব্যবস্থাপক এবং দুই শ্রমিককে আটকের পর ঘুষের বিনিময়ে একজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। অপর দুজনকে ছাড়ানোর জন্য তদবির করতে গেলে ওই কর্মকর্তা উপজেলা ছাত্রলীগের সভাপতিকে হত্যার হুমকি দেন বলে ওই নেতা অভিযোগ করেছেন। এর প্রতিবাদে ছাত্রলীগ নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

এদিকে খুলনায় কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে দৌলতপুর থানাধীন কার্তিককুল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হামিদ আলীকে প্রত্যাহার করা হয়েছে।

সাভার: নামাগেন্ডা এলাকার বাংলা খোলা ইটভাটার অংশীদার আসলামুল হক ও মাজাহারুল ইসলাম অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরেই ডিবির এসআই জিল্লুর রহমান তাঁদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় গত সোমবার দুপুরে তিনি তাঁদের ইটভাটায় গিয়ে ভাটার ব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৪০) এবং দুই শ্রমিক আনোয়ার হোসেন (৩৫) ও হযরত মোল্লাকে (২৯) আটক করেন। এরপর তাঁদের কাছে গাঁজা পাওয়ার কথা বলে ছেড়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। পরে আসলামুল হক তাঁর চাচা একলাস উদ্দিনের মাধ্যমে জিল্লুরকে ৬০ হাজার টাকা দিলে আটকের ঘণ্টা খানেক পর তিনি রাজ্জাককে ছেড়ে দেন। অপর দুজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে জিল্লুর আরও টাকা দাবি করলে তাঁরা বিষয়টি উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানকে জানান। পরে ওই দুই শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইটভাটার মালিকেরা অভিযোগ করেছেন, অন্য কোনো জায়গা থেকে উদ্ধার করা গাঁজা ওই দুই শ্রমিকের নামে উদ্ধার দেখিয়ে তাঁদের ফাঁসিয়ে দিয়েছেন জিল্লুর রহমান।

ছাত্রলীগ নেতা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ইটভাটার মালিক মাজাহারুল ইসলাম তাঁর বন্ধু। এ জন্য আটক রাখা ওই দুই শ্রমিককে ছেড়ে দেওয়ার জন্য এসআই জিল্লুরকে অনুরোধ করেন। এ সময় জিল্লুর তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এবং কথা-কাটাকাটির একপর্যায়ে জিল্লুর তাঁকে হত্যার হুমকি দেন।

এর প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সাভার প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি থানা রোড প্রদক্ষিণ শেষে ঢাকা-আরিচা মহসড়কে গিয়ে শেষ হয়। এরপর কয়েক শ নেতা-কর্মী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা এসআই জিল্লুর রহমানের প্রত্যাহার দাবি করেন। অবরোধের কারণে অবরোধস্থলের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে জিল্লুরের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।

গতকাল যোগাযোগ করা হলে এসআই জিল্লুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ২৬ পুরিয়া গাঁজাসহ দুই শ্রমিককে আটক করা হয়। ছাত্রলীগ নেতা আতিকুর তাঁদের ছাড়িয়ে নিতে তদবির করেন। এ নিয়ে আতিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও তিনি তাঁকে হত্যার হুমকি দেননি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্যা বলেন, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে ২৬ পুরিয়া গাঁজাসহ আনোয়ার ও হযরতকে তাঁর দপ্তরে উপস্থাপন করা হয়। উভয় পক্ষের কথা শুনে তিনি ওই দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

যোগাযোগ করা হলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, ‘এসআই জিল্লুরের বিরুদ্ধে এসব অভিযোগের কথা আমিও শুনেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দৌলতপুরে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার: খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আবদুল্লাহ আরেফ বলেন, কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগ পেয়ে উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদকে পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের পর অন্য পুলিশ সদস্যরা দোষী সাব্যস্ত হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নির্যাতনের শিকার ইমরান ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, গত ৫ জানুয়ারি রাতে খুলনার খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ইমরানকে কার্তিককুল পুলিশ ফাঁড়িতে নিয়ে সাতজন পুলিশ সদস্য নির্যাতন করেন। প্রায় তিন ঘণ্টা নির্যাতনের পর অসুস্থ হয়ে পড়লে ইমরানকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। ইমরানের অবস্থা আরও গুরুতর হলে রাত একটার দিকে তাঁকে তাঁর বাবা-মায়ের কাছে তুলে দেওয়া হয়। গত ৮ জানুয়ারি ইমরানের বাবা জামাল হোসেন পুলিশ কমিশনার বরাবর ওই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।