সাভারে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কালাম
আবুল কালাম

রাস্তা পার হতে পুলিশের সহায়তা চেয়েছিলেন ব্যবসায়ী আবুল কালাম (৩৮)। পুলিশ তাঁকে সহায়তা করেইনি, উল্টো লাঠি দিয়ে পিটিয়ে ব্যবসায়ী আবুল কালামের (৩৮) হাত ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কাজটি করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।
আহত আবুল কালাম চাঁদপুরের দর্জিকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ১৫ বছরের বেশি সময় ধরে ঢাকার সাভার পৌর এলাকার শাহীবাগে থেকে তৈরি পোশাকের ব্যবসা করেন।
জানতে চাইলে মোস্তফা কামাল বলেন, ‘কবে কাকে পিটিয়েছি আর কীভাবে তাঁর হাত ভেঙেছে এমন কোনো ঘটনা আমার মনে পড়ে না। তা ছাড়া আবুল কালাম নামে কোনো ব্যবসায়ীকে আমি চিনি না। তবে ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা না থাকলেও কোনো ব্যক্তি এমন অভিযোগ করে থাকলে ব্যক্তিগতভাবে তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করব।’
আবুল কালাম অভিযোগ করেন, গত ২৭ জুলাই বিকেল পাঁচটার দিকে সাভারের ব্যস্ততম এলাকা সিটি সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিলেন তিনি। তাঁর মাথায় একটি কাপড়ের বস্তা থাকায় তিনি গাড়ি থামিয়ে রাস্তা পার হওয়ার জন্য সেখানে কর্তব্যরত এক কনস্টেবলের সহায়তা চান। ওই কনস্টেবল সহায়তা না করে তাঁকে নিজ দায়িত্বে রাস্তা পার হতে বলেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই কনস্টেবল ক্ষুব্ধ হয়ে তাঁর মাথা থেকে কাপড়ের বস্তা নামিয়ে রাস্তার ওপরে ফেলে দেন। এ সময় সেখানে থাকা ওসি মোস্তফা কামাল লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করেন।
আবুল কালামের ছেলে মান্নান হীরা বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং অচেতন অবস্থায় তাঁর বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা করে দেখা যায়, লাঠির আঘাতে তাঁর বাবার বাঁ হাতের একটি হাড় ভেঙে গেছে। অবস্থার অবনতি হলে গতকাল রোববার তাঁকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনকেন্দ্রে (সিআরপি) নিয়ে যাওয়া হয়। এরপর তাঁরা নির্যাতনের প্রতিকার পেতে গতকাল বিকেলে সাভার প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন।