সাভারে কিন্ডারগার্টেন থেকে চাঁদা আদায়ের অভিযোগ
ঢাকার সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিস ও তাঁর কার্যালয়ের কর্মচারী আলমের বিরুদ্ধে বিভিন্ন কিন্ডারগার্টেন থেকে ঈদ বোনাসের নামে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
আলম শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত একটি প্রকল্পে চাকরি করলেও দায়িত্ব পালন করেন সাভার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে।
পরিচয় গোপন রাখার শর্তে কয়েকটি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক বলেন, এক মাস ধরে আলম তাঁর মুঠোফোন বা টিঅ্যান্ডটি নম্বর থেকে কল করে তিন হাজার টাকা ঈদ বোনাস দাবি করে আসছেন। এর মধ্যে দুই হাজার টাকা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ও বাকি এক হাজার টাকা তাঁর নিজের। অনেক শিক্ষক ঝামেলা এড়াতে ইতিমধ্যে টাকা দিয়েছেন।
প্রথম আলো তাৎক্ষণিকভাবে ১৫টি স্কুলে অনুসন্ধান চালায়। এর মধ্যে ১১টি স্কুল থেকেই ইতিমধ্যে চাঁদা নেওয়া হয়ে গেছে। আলমের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি প্রতিবছর বই বিতরণের সময় নানা অজুহাতে স্কুল থেকে টাকা আদায় করেন। টাকা না দিলে বই পেতে নানাভাবে হয়রানির শিকার হতে হয়।
এ প্রতিবেদক একটি স্কুলের শিক্ষক পরিচয় দিয়ে গত সোমবার আলমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি একটি বিকাশ নম্বর দিয়ে দ্রুত টাকা পাঠাতে বলেন। ওই নম্বরটি তিনি নিজেই ব্যবহার করেন। পরবর্তী সময়ে টাকা না পাঠালে তিনি বারবার এ প্রতিবেদকের মুঠোফোনে কল করে টাকা পাঠানোর তাগিদ দেন। তখনো তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার জন্য দুই হাজার ও তাঁর জন্য এক হাজার টাকা দাবি করেন। এ সময় তিনি টাকা না দিলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দিয়ে হয়রানি করার ভয় দেখান।
একইভাবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার মেনজিসের সঙ্গেও যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টা ঠিক ও রকম না। আচ্ছা ঈদের পরে আপনার স্কুলে যাব, তখন কথা হবে।’ পরের দিন পরিচয় দিয়ে কথা বললে আলম ফোন কেটে সংযোগ বন্ধ করে দেন। এরপর কথা বলার জন্য শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গেলে তাঁকেও পাওয়া যায়নি।
পরে পরিচয় দিয়ে মুঠোফোনে জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার মেনজিস বলেন, ‘আলম শিক্ষা অধিদপ্তরের একটি প্রকল্পে চাকরি করেন। সেখান থেকে মাঝেমধ্যে তাঁকে আমার দপ্তরে আনা হয়। কোনো প্রতিষ্ঠানে টাকা দাবি করে থাকলে আপনার সামনেই বিচার করা হবে।’ তাঁর নিজেরই টাকা চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন ঢাকায় যাচ্ছি। এ ব্যাপারে ঈদের পরে আপনার সঙ্গে কথা বলব।’