সাভারে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে খোকন মিয়া নামের এক ব্যক্তি গত মঙ্গলবার এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরী মঙ্গলবার রাতেই সাভার মডেল থানায় মামলা করেছে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন জানান, খোকন মিয়া সাভার পৌর এলাকার পোড়াবাড়ী মহল্লার বাসিন্দা। সাভারের বড় মাদক ব্যবসায়ীদের মধ্যে খোকন অন্যতম। তিনি দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় ইয়াবা, হেরোইন ও ফেনসিডিলের ব্যবসা করে আসছেন। এরপরও তিনি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ান। তাঁরা বলেন, মাদক ব্যবসার জন্য খোকনের একটি বাহিনীও রয়েছে। এ কারণে কেউ তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না।

ওই কিশোরী বলে, এক বন্ধুকে নিয়ে সে মঙ্গলবার বেলা ১১টার দিকে সাভারের ঘোড়াদিয়া এলাকায় বেড়াতে যায়। ফেরার পথে বেলা দুইটার দিকে ঘোড়াদিয়া সেতুর কাছে খোকন তাঁর দুই সহযোগীকে নিয়ে তাদের পথরোধ করেন। এরপর তার বন্ধু ও তাকে পৃথকভাবে জেরা করেন। একপর্যায়ে বন্ধুকে মারপিট করে ছেড়ে দেন। এরপর তাকে একটি মোটরসাইকেলে তুলে পাশের অমরপুর এলাকার একটি বাড়িতে নেওয়া হয়। সেখানে একটি কক্ষে চার ঘণ্টারও বেশি সময় তাকে আটকে রাখা হয়। এ সময় খোকন তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা মুক্তিপণ এনে দিতে বলেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে খোকন তাঁকে ধর্ষণ করেন। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, মামলা দায়েরের পর গতকাল বুধবার কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, খোকন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকের মামলায় তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।