সাভারে কিশোরী ধর্ষণের শিকার, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের সাধাপুর গ্রামে গত শুক্রবার রাতে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ। মেয়েটির বাড়ি সাভারের গেন্ডা এলাকায়। সে সাভার পৌর এলাকায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করে।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, প্রাথমিক তদন্তে মেয়েটি ধর্ষণের শিকার হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। মেয়েটির চিকিৎসারও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
পুলিশ হেফাজতে থাকা ওই মেয়েটি জানায়, প্রায় দুই সপ্তাহ আগে সাধাপুর এলাকার ইজিবাইকচালক এক তরুণের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ওই তরুণ গত শুক্রবার রাত আটটার দিকে তাকে সাধাপুর এলাকায় নিয়ে যায়। সেখান থেকে ইজিবাইকে করে মেয়েটি বাসায় ফেরার পথে ওই তরুণসহ আরও ছয়-সাতজন তাকে অপহরণ করে ঘাসমহল এলাকায় নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে তাকে একটি পিকআপ ভ্যানে করে সাভারের হেমায়েতপুরে পৌঁছে দেওয়া হয়।
মেয়েটি আরও জানায়, গতকাল শনিবার সকালে কিছুটা সুস্থ হলে তার ওপর নির্যাতনের বিচার চাইতে সে ওই তরুণের বাড়িতে যায়। এ সময় ওই তরুণের বাড়ির লোকজন তাকে ওই বাড়িতে আটকে রাখে। খবর পেয়ে সাংবাদিকেরা শনিবার ওই এলাকায় গেলে মেয়েটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে সাংবাদিকেরা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।
সাভার মডেল থানার এসআই শরীফুল ইসলাম বলেন, মেয়েটিকে নিয়ে থানায় ফেরার পথে তার দেওয়া তথ্য অনুযায়ী একজনকে গ্রেপ্তার করা হয়েছে।