বেলা দেড়টা। ঢাকার সাভার উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) কলমা ওয়াজ আলী মডেল স্কুল ভোটকেন্দ্রে ঢুকতেই বাধার মুখে পড়তে হয়। কয়েকজন যুবক ভোটকক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের কেন্দ্রে ঢোকার প্রয়োজন নেই বলে বিদায় করে দেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।
বেলা তিনটা। ৩ নম্বর ওয়ার্ডের চাপাইন নিউ মডেল হাইস্কুল কেন্দ্র-১, ২, ৩ ও ৪-এ ঢুকতেই একজন সদস্য প্রার্থীসহ কয়েকজন ভোটার ঘিরে ধরেন। ক্ষোভের সঙ্গে তাঁরা ভোট দিতে না পারার কথা জানান।
গতকাল সোমবার সাভার সদর ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রের মতো ১৫টি কেন্দ্র থেকেই বেশির ভাগ ভোটারকে ভোট না দিয়ে ফিরে যেতে হয়েছে। ভোট শুরুর ঘণ্টা খানেকের মধ্যেই আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে সব কটি ভোটকেন্দ্র দখল করে জাল ভোট ও সিল মারার অভিযোগ তুলে বিএনপির প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সরেজমিনেও এর সত্যতা মিলেছে।
চাপাইন গ্রামের রুক্কু মিয়া, জাহিদ মণ্ডল ও মোয়াজ্জেম হোসেন বলেন, বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চেষ্টা করেও তাঁরা ভোট দিতে পারেননি।
পুরুষ কেন্দ্র-২-এর ৩ নম্বর ভোটকক্ষে ঢুকতে গিয়ে দেখা হলো মঞ্জুরুল হক নামের এক ভোটারের সঙ্গে। তিনি জানালেন, তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি। এ সময় পোলিং এজেন্ট কায়সার রহমান বলেন, তাঁর ভোট আগেই হয়ে গেছে। এসব অভিযোগ প্রসঙ্গে প্রিসাইডিং কর্মকর্তা সামিউল আউয়াল বলেন, কোনো ভোটার তাঁর কাছে এ রকম অভিযোগ করেননি।
এর আগে সকাল নয়টার দিকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। নিজ বাসায় সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্র দখল, জাল ভোটসহ ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদানের কারণে তিনি ভোট বর্জনের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।
তবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা বলেন, বিএনপির প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে মিথ্যা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
গত ৪ জুন সাভার উপজেলায় ইউপি নির্বাচন হলেও মামলার কারণে সদর ইউপিতে ভোট গ্রহণ স্থগিত ছিল। নির্বাচনের দিন বন্ধ ঘোষণা করা হয় আশুলিয়া ইউনিয়নের সংরক্ষিত ২ ও সাধারণ ৫ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রের ভোট। গতকাল এ দুটি ওয়ার্ডেও কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে।
বেলা একটার দিকে কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে গিয়ে কোনো ভোটার পাওয়া যায়নি। ভোটকেন্দ্র ছিল সরকারদলীয় নেতা-কর্মীদের দখলে। নাম প্রকাশ না করার শর্তে একজন ভোটার বলেন, ‘ভোট থাকলে তো দিমু।’
প্রিসাইডিং কর্মকর্তা নিতীশ কুমার সাহা বলেন, ‘এই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। অনিয়মের অভিযোগ নেই।’
বেলা আড়াইটার দিকে দেওগাঁও জয়তুন্নেছা কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল কেন্দ্রে গিয়েও পাওয়া যায় একই চিত্র।
সাভার ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান বলেন, প্রতিটি কেন্দ্রে আইন প্রয়োগকারী সংস্থার পর্যাপ্তসংখ্যক সদস্যসহ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। জাল ভোট ও কেন্দ্র দখল করার সুযোগ নেই।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোমিন মিয়া বলেন, জাল ভোট বা জোর করে সিল মারার অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সিগঞ্জের চার উপজেলার পাঁচটি স্থগিত কেন্দ্রে নিষ্প্রাণভাবে ভোট সম্পন্ন হয়েছে। এগুলো হলো সদর উপজেলার রামপাল, টঙ্গিবাড়ীর যশলং, গজারিয়ার ভবের চর ও সিরাজদিখানের ইছাপুরা। এর মধ্যে টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নে বিএনপির প্রার্থী খায়রুল কবির হাওলাদার বেলা সাড়ে ১১টার দিকে ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন।
তবে আওয়ামী লীগের প্রার্থী আলমাস চোকদার বলেন, পরাজয় বুঝতে পেরেই বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।